মালালা ‘পাকিস্তানের কন্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই মনে করেন, মালালা শুধু তাঁর কন্যা নয়, সে সমগ্র পাকিস্তানের কন্যা। তিনি শুধু মালালার রক্ষক। জিয়াউদ্দিন নিজেকে সৌভাগ্যবান মনে করেন। কারণ, তিনি এমন এক মেয়ের বাবা, যার জন্য শুধু মুসলিম নয়, খ্রিষ্টান, হিন্দু সব ধর্মের মানুষ একযোগে প্রার্থনা করেছে। এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে মালালার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দাবি করা হলেও আল জাজিরার বিশেষ সূত্র জানায়, মালালার অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরায় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, মালালার বাবা বিশেষ ওই সূত্রকে জানিয়েছেন, মেয়ের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে তিনি এটি গণমাধ্যমে প্রকাশ্যে বলতে পারেননি। কারণ, গণমাধ্যমে তাঁকে এটি বলার অনুমতি দেওয়া হয়নি। তিনি ওই সূত্রকে জানান, মালালার মুখ ফুলে গেছে। ফরসা মুখের রং কালো হয়ে গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মালালার অগ্রগতি সন্তোষজনক। রাওয়ালপিন্ডির হাসপাতাল সূত্র আজ রোববার আল জাজিরাকে জানায়, পরবর্তী ১২ ঘণ্টা মালালার জন্য আশঙ্কাজনক বা সংকটাপন্ন হতে পারে। চিকিত্সকদের একটি বোর্ড মালালাকে পর্যবেক্ষণে রেখেছে। তালেবানদের গুলিতে বিদ্ধ মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে ইউসুফজাই আল জাজিরাকে জানান, তিনি কখনো ভাবেনননি ১৪ বছরের মেয়ে মালালা তালেবান জঙ্গিদের লক্ষ্যবস্তু হবে। মালালার বাবা বলেন, ‘আমি সব সময়ই তালেবানদের বিরুদ্ধে। সব সময় তাদের বোমা হামলা, আত্মঘাতী হামলাকে ঘৃণা করেছি। মালালাও আমার পথই অনুসরণ করেছে।’ ১১ বছর বয়সে নারীশিক্ষার ওপর তালেবানদের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদ জনসমক্ষে করে মালালা। তখন থেকেই সে তালেবানদের লক্ষ্যে পরিণত হয়েছিল। আর তারই পরিণামে গত সপ্তাহে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান বন্দুকধারী মালালার মাথায় গুলি চালায়। এক কাপ গরম কফি ছিল জিয়াউদ্দিনের হাতে। বলতে বলতে সেটি নামিয়ে রেখেই দুই হাত তুলে মেয়ের দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তিনি। আবেগে বলে ওঠেন, ‘মালালা শুধু আমার মেয়ে নয়। সে পাকিস্তানের মেয়ে। আমি শুধুই তার রক্ষণাবেক্ষণকারী।’ মালালার বাবা জিয়াউদ্দিন আশায় বুক বেঁধে বলেন, ‘যখন দেখি ছোট ছোট শিশুরা দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে মালালার আরোগ্য প্রার্থনা করছে, তখন মেয়ের জন্য নতুন আশায় বুক বাঁধি। মনে হয় পুরো পাকিস্তানি জাতির কন্যা, মালালা দ্রুত সেরে উঠবে। আবার একদিন সে স্কুলে যাবে। আর সে তার স্বপ্ন পূরণ করবে।’ মালালার অনেক শুভাকাঙ্ক্ষীর মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। তিনি হাসপাতালে গেছেন। মালালার মা-বাবাকে আশ্বস্ত করেছেন। বলেছেন, এই দুঃসময়ে তাঁরা একা নন। পুরো জাতি তাঁদের সঙ্গে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ মালালাকে সত্যিকারের পাকিস্তানি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, উগ্রবাদী বা চরমপন্থীরা কেবল একটি কারণেই মালালার ওপর হামলা চালিয়েছে। কারণ সে নারী অধিকারের কথা বলেছিল।গত বৃহস্পতিবার মালালাকে রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে নেওয়া হয়। গত শুক্রবার মালালার জন্য জাতীয়ভাবে প্রার্থনা করা হয়। সকালে স্কুলগুলোর অ্যাসেম্বলিতে মালালার জন্য করা হয় বিশেষ প্রার্থনা। মালালা জায়গা করে নিয়েছে সবার হূদয়ে। শুধু স্থানীয় জমায়েতেই নয়, প্রাদেশিক বা জাতীয় পর্যায়ের অ্যাসেম্বলি, এমনকি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতেও মালালাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান।গত মঙ্গলবার মালালার ওপর গুলি চালায় তালেবান জঙ্গিরা। পরের দিন পেশোয়ারে সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়। উন্নত চিকিত্সার জন্য তাকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। এদিকে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে জানানো হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সোয়াত থেকে জ্যেষ্ঠ তালেবান কমান্ডারের তিন ভাইকে গ্রেপ্তার করেছে। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে পাকিস্তানের সরকারি সূত্র জানায়। তাদের একটি অজ্ঞাত স্থানে পাঠানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে আরও জানানো হয়, তালেবান জঙ্গিদের জ্যেষ্ঠ কমান্ডার মওলানা ফয়জুল্লাহ ‘রেডিও মোল্লা’ নামে পরিচিত। ২০০৯ সাল থেকে সোয়াত তাঁর দখলে। সোয়াতের পুলিশপ্রধান গাল আফজাল খান আফ্রিদি জানান, জ্যেষ্ঠ কমান্ডারের তিন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি কারও নাম জানাননি।