মালালাকে যুক্তরাজ্যে নেওয়া হয়েছে
পাকিস্তানে তালেবান জঙ্গিদের গুলিতে আহত স্কুলছাত্রী মালালা ইউসুফ-জাইকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। নারীশিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী মালালা সোয়াত উপত্যকায় গত মঙ্গলবার গুলিবিদ্ধ হয়।পাকিস্তানের সরকারি সূত্র জানায়, মালালার অবস্থা বর্তমানে ভালো। কোনো ধরনের অবনতির আশঙ্কা তৈরির আগেই তাকে বিদেশে পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি এয়ার অ্যাম্বুলেন্স মালালাকে নিয়ে ইসলামাবাদ থেকে গতকাল সকালে যাত্রা করে। নিবিড় পরিচর্যার জন্য তার সঙ্গী হিসেবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ওই বিমানের আরোহী হয়েছেন। বিদেশে পাঠানোর আগে মালালাকে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা আগামী কয়েক দিনে ‘জটিল’ হয়ে উঠতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হবে। তার মাথায় গুলি লেগে খুলির হাড় ভেঙে যায়। ওই আঘাতের জেরে স্নায়বিক যেকোনো রোগের ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসার জন্য মালালাকে বিদেশে স্থানান্তরের জন্য পাকিস্তানি চিকিৎসকেরা পরামর্শ দেন। প্রাথমিকভাবে মালালাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছিল।১৪ বছর বয়সী স্কুলছাত্রী মালালার প্রতি তালেবান নৃশংসতার ঘটনায় পাকিস্তানসহ সারা বিশ্বে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। নির্ভীক ওই কিশোরীর সুস্থতা নিশ্চিত করার জন্য পাকিস্তান সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে বলে ঘোষণা দিয়েছে। হামলাকারী তালেবান জঙ্গিদের গ্রেপ্তারের বিনিময়ে ইতিমধ্যে এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, মালালার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল দেশের বাইরে। হামলাকারীদের শিগগিরই আটক করা হবে।বিবিসির উর্দু ব্লগে তালেবানবিরোধী বক্তব্য লিখে আলোচিত হওয়া মালালার সুস্থতার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন স্থানে প্রার্থনার আয়োজন করা হয়। তালেবানের ওই হামলার নিন্দা জানিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্টসহ পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল। তবে দেশটির ডানপন্থী ও রক্ষণশীল ধর্মভিত্তিক দলগুলো প্রকাশ্যে তালেবানের নিন্দা জানায়নি। গুলি করার বিষয়টি স্বীকার করে তালেবান জানায়, ‘সেক্যুলারিজমের পক্ষে’ আন্দোলন করায় মালালার ওপর হামলা করা হয়েছে। রয়টার্স, এএফপি ও বিবিসি।