মালালার অবস্থা নিয়ে ধোঁয়াশা
পাকিস্তানে তালেবানের গুলিতে আহত মালালা ইউসুফজাইয়ের (১৪) অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাসপাতাল ও সেনাবাহিনী পরস্পরবিরোধী তথ্য দিয়েছে। মালালার অবস্থা আশঙ্কাজনক বলে রাওয়ালপিন্ডি সামরিক হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। আর সেনাবাহিনী তার অবস্থার উন্নতি হচ্ছে দাবি করে বলেছে, সে হাত-পা নড়াচড়া করেছে। তবে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র দিয়ে রাখা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একটি সূত্র জানায়, ‘পরবর্তী ১২ ঘণ্টা মালালার জন্য সংকটপূর্ণ। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ তিনি বলেন, ‘মালালার মুখ ও মাথা অনেক ফুলে গেছে। তার মুখের বর্ণ কালসে হয়ে গেছে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তার শ্বাসযন্ত্র সরিয়ে নেওয়া হতে পারে।’প্রয়োজনে বিদেশে পাঠাতে মালালার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে সংযুক্ত আরব-আমিরাতের রাজপরিবার। সংযুক্ত আরব-আমিরাতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জামিল আহমেদ খান গতকাল স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, মালালার সঙ্গে যে ছয়জন চিকিৎসক ও অন্যরা থাকবেন, তাঁদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার চিকিৎসায় দুবাই ও আবুধাবির তিনটি হাসপাতালে যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। তবে এর আগে শনিবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম সালিম বাজওয়া বলেন, ‘মালালা হাত ও পা নাড়িয়েছে। এটি ইতিবাচক।’ রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরের কাছে এক সংবাদ সম্মেলনে জেনারেল আসিম আরও বলেন, ‘মালালার মাথায় প্রচণ্ড জখম হয়েছে। এ কারণে ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে।’৯ অক্টোবর রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে স্কুলবাসে উঠে মালালাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। তালেবান এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।জেনারেল আসিম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মালালাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। এদিকে মালালার ওপর হামলাকারীদের ধরতে এখনো ধরপাকড় চলছে। গতকাল পর্যন্ত ১২০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে হামলার মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী ঘোষণা দিয়েছে।মালালার ওপর হামলার পরিপ্রেক্ষিতে আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে উপজাতি অধ্যুষিত এলাকায় তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া যায় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল আসিম বলেন, ‘এমন সিদ্ধান্ত রাতারাতি নেওয়া যায় না।’সোয়াত উপত্যকায় নিজের জীবনযাপন নিয়ে ২০০৯ সালে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে সবার নজরে আসে মালালা। জঙ্গিরা ২০০৭ সালে ওই উপত্যকা দখলে নেওয়ার পর মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। মালালা এ সিদ্ধান্তের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। আর এটা করতে গিয়েই তালেবানের রোষানলে পড়ে সে। আল-জাজিরা, ডন ও এএফপি।