মালালার অবস্থা স্থিতিশীল
যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মালালা ইউসুফজাইয়ের অবস্থা এখন স্থিতিশীল। পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ১৪ বছরের এই কিশোরীর চিকিৎসকদের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ বৃহস্পতিবার এ তথ্য জানায়। ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে মালালা গুরুতর আহত হয়। এরপর তাকে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে গত সোমবার যুক্তরাজ্যে নেওয়া হয়। কুইন এলিজাবেথ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে মালালা স্বস্তিদায়ক দ্বিতীয় দিন কাটিয়েছে। এদিকে হাসপাতালের ওয়েবসাইটে মালালার সুস্থতা কামনা করে পাকিস্তান, ব্রিটেন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মিয়ানমার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, রোয়ান্ডা, নেদারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বার্তা পাঠাচ্ছে লোকজন। দুরে নায়েব নামের এক পাকিস্তানি লিখেছেন, ‘ছোট্ট একটি মেয়ে, যে আমাদের জন্য লড়াই করার কারণে গুলিবিদ্ধ হলো, তার জন্য আমরা পাকিস্তানিরা দুঃখিত। আমরা যদি একটু সাহস করতাম, তাহলে আজ তুমি নিরাপদে থাকতে। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো। তোমাকে আমাদের প্রয়োজন।’বার্মিংহামে স্থানীয় কর্তৃপক্ষের সদর দপ্তর কাউন্সিল হাউসে মালালাকে শুভকামনা জানানোর জন্য একটি বই খোলা হয়েছে। মালালার জন্য পাঠানো কার্ড, চিঠি, উপহার—এসব গ্রহণ করছে পাকিস্তানের উপহাইকমিশন।