মালালার অস্ত্রোপচার সফল
পাকিস্তানে নারী শিক্ষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ও তালেবানের বিরুদ্ধে সোচ্চার কিশোরী মালালা ইউসুফ জাইয়ের (১৪) শরীরে বিদ্ধ গুলি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে।আজ বুধবার সকালে পেশোয়ারে সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ বিবিসি অনলাইন ও পাকিস্তানের ‘ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকায় গতকাল মঙ্গলবার মালালা তার সহপাঠীদের সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল। বন্দুকধারীরা বাস লক্ষ্য করে গুলি ছুড়লে মালালার মাথা ও ঘাড়ে গুলি লাগে। তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান ফোনে সাংবাদিকদের বলেন, ‘কোনো নারী মুজাহিদিনের বিরুদ্ধে যুদ্ধে নামলে তাকে হত্যা করার কথা শরিয়া আইনে পরিষ্কার বলা আছে।’তবে ‘ডন’ অনলাইনের খবরে বলা হয়, চিকিৎসার জন্য প্রয়োজনে মালালাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। গতকাল মালালা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতভর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।একজন সেনা কর্মকর্তা সাংবাদিকদের জানান, মালালার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পেশোয়ারে ছুটে গেছে। প্রয়োজনে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হবে।রাষ্ট্রীয় বিমান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, মালালাকে দেশের বাইরে নিতে একটি বোয়িং বিমান পেশোয়ার বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাকে দুবাই নেওয়া হতে পারে। এয়ারলাইনসের প্রধান জুনায়েদ ইউসুফ বলেন, ‘আমরা নতুন নির্দেশের অপেক্ষায় আছি। নির্দেশ পাওয়া মাত্র আমরা রওনা হব।’গত বছর মালালা পাকিস্তান সরকারের কাছ থেকে জাতীয় শান্তি পুরস্কার পায়। একই সঙ্গে শিশুদের অধিকার নিয়ে কাজ করে কিডস রাইটস ফাউন্ডেশনের ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’-এর মনোনীত হয় মালালা।প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নিন্দাপাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ফোনে মালালার বাবার কাছে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মালালার চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানান। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, এ ঘটনার মানে এ নয় যে এর মধ্য দিয়ে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে সরকারের লড়াই থামবে বা মেয়েদের শিক্ষায় সরকারের সমর্থন টলবে।যুক্তরাষ্ট্র এ ঘটনাকে ‘বর্বরোচিত’ ও ‘কাপুরুষোচিত’ হামলা বলে মন্তব্য করেছে।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওই নারী মানবাধিকারকর্মী তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে ক্রমাগত হুমকির মধ্যে দিন যাপন করছে।২০০৯ সালে তালেবান নিয়ন্ত্রিত এলাকার মানুষের জীবনযাপন নিয়ে বিবিসি উর্দুতে লেখালেখির সুবাদে সবার নজরে আসে মালালা।