মালালার জন্য বিমান পাঠাতে চায় ইউএই
পাকিস্তানের নারীশিক্ষা-কর্মী মালালা ইউসুফজাইয়ের (১৪) চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইসলামাবাদে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামিল আহমেদ খান স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে আজ রোববার জানান, মালালার সঙ্গে ওই এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার জন্য চালক ও ছয় চিকিৎসকের ভিসা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মালালার চিকিৎসার জন্য দুবাই ও আবুধাবির তিনটি হাসপাতাল প্রস্তুত আছে।পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য মালালাকে দেশের বাইরে পাঠানো হবে কি না, এখনো সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সব ধরনের প্রস্তুতির অংশ হিসেবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হচ্ছে।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম সালিম বাজওয়া জানান, মালালাকে যে ব্যথানাশক ওষুধ দেওয়া হচ্ছে, আজ তা কমানো হয়েছে। ফলে তাঁর হাত-পা নড়ছে। বাজওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ইতিবাচক উন্নতি। চিকিৎসকদের মতে, মালালার অবস্থা এখন স্থিতিশীল। তাঁর মাথার আঘাত খুবই গুরুতর এবং এই পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। মালালার সঙ্গে আহত হওয়া তাঁর অন্য দুই সহপাঠীকেও উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের রক্তচক্ষু উপেক্ষা করে নারীশিক্ষার অধিকারের দাবিতে কাজ করাটাই কাল হয়েছে কিশোরী মালালার। তালেবানরা এই অকুতোভয় কিশোরীকে হত্যার হুমকি দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। সুযোগ বুঝে গত মঙ্গলবার তার ওপর কাপুরুষোচিত হামলা চালানো হয়। পরের দিন পেশোয়ারে সম্মিলিত সামরিক হাসপাতালে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে।