মালালার নামে পাকিস্তানে স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইয়ের নামে বিশেষ স্কুল খোলা হবে। ১৫ বছর বয়সী এই কিশোরীর সম্মানে ওই দেশের গরিব শিশুদের জন্য খোলা হবে স্কুলগুলো। পাকিস্তানের কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি আজ সোমবার এ তথ্য জানায়। পাকিস্তানের জাতীয় মানব উন্নয়ন কমিশনের প্রধান নাফিসা শাহ বলেন, সংঘর্ষ বা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ১৬টি এলাকায় ‘মালালা স্কুল’ খোলা হবে। এর মাধ্যমে ওই সব এলাকার গরিব শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পে এখন পর্যন্ত অর্থসহায়তা পাওয়া যায়নি, তবে স্কুল নির্মাণের জন্য স্থান ঠিক করা হয়েছে। শিগগিরই এ প্রকল্পের জন্য অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু হবে। পরিকল্পনাধীন স্কুলগুলোর প্রতিটিতে দুটি করে শ্রেণীকক্ষ, একটি বারান্দা, একটি শৌচাগার থাকবে। স্কুলগুলো পর্যাপ্ত জায়গা নিয়ে নির্মাণ করা হবে যাতে প্রয়োজনে এগুলোর আয়তন বাড়ানো যায়। এগুলো নির্মাণে খরচ পড়বে আট লাখ পাকিস্তানি রুপি। ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা দেওয়াই এই স্কুল প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য। গরিব পরিবারের শিশুদের স্কুলে পাঠাতে তাদের অভিভাবকদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান সরকার। গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে জাতিসংঘের শিক্ষাবিষয়ক দূত গর্ডন ব্রাউন ৫০ লাখ বঞ্চিত শিশুকে স্কুলে পাঠানোর একটি পরিকল্পনার কথা বলেন। তিনি পাকিস্তান সরকারের এক প্রতিনিধির সঙ্গে আলোচনার সময় বিষয়টি তোলেন।