মালি নিয়ে বসছেন আফ্রিকার নেতারা
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা করতে আইভরি কোস্টে বৈঠক করবেন পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোটের নেতারা। আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে মালি ও ফরাসি সেনাদের সহায়তায় আফ্রিকান জোটের সেনা মোতায়েনের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আইভরি কোস্টের আবিদজানের ওই বৈঠকে পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতাদের পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিউ অংশ নেবেন।মালির উত্তরাঞ্চল দখলে নেওয়া ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে সেখানে যৌথ সেনা অভিযান চালাচ্ছে মালি ও ফরাসি সেনারা। ফরাসি বিমান হামলার মুখে এরই মধ্যে মালির দুটি শহর থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বিদ্রোহীরা।মালির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, দেশটির দক্ষিণের শহর দিয়াবালি ত্যাগ করেছে বিদ্রোহীরা। এ ছাড়া ফরাসি সেনাদের সহায়তায় কোনান শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মালির সেনারা।গত বৃহস্পতিবার প্রথম দফায় মালির রাজধানী বামাকোয় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ১০০ সেনার একটি দল পাঠানো হয়। পশ্চিম আফ্রিকার দেশ টোগো ও নাইজার থেকে পাঠানো এই সেনারা মালি ও ফরাসি সেনাদের সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করবে।বিদ্রোহীরা জানিয়েছে, মালিতে ফরাসি সেনাদের অভিযানের প্রতিবাদে তারা প্রতিবেশী দেশ আলজেরিয়ার গ্যাসক্ষেত্রে কর্মরত বিদেশি শ্রমিকদের জিম্মি করেছে।