মালিক-শ্রমিকদের নামে বেপরোয়া চাঁদাবাজি
রাজধানীর বাস টার্মিনাল ও বাসস্ট্যান্ডগুলোতে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে মালিক-শ্রমিক সমিতির চাঁদাবাজি চলছেই। গত এক বছরে চাঁদা আদায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে গত ছয় মাসে মালিকেরা দুবার রাজধানীতে বাস চলাচল বন্ধ করে দেন।সর্বশেষ গত মঙ্গলবার মিরপুর এলাকায় জোর করে চাঁদা আদায়ের অভিযোগ করে কাউন্টারভিত্তিক বাস পরিচালনাকারীরা গতকাল বুধবার থেকে টানা ধর্মঘটের ডাক দেন, যদিও তা প্রথম দিনই প্রত্যাহার করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে বড় টার্মিনালগুলোতেই চাঁদাবাজি সীমাবদ্ধ ছিল। কিন্তু ক্রমেই তা নগরের বাসস্ট্যান্ডগুলোতেও ছড়াতে শুরু করে। অভিযোগ রয়েছে, মালিক-শ্রমিক সংগঠনগুলো আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের দিয়ে বিভিন্ন এলাকায় কমিটি করে দিয়ে চাঁদাবাজি চালাচ্ছে।নগরের সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, ফুলবাড়িয়া, নয়াবাজার, কমলাপুর, আজিমপুর, মিরপুরসহ বিভিন্ন বাস টার্মিনাল ও স্ট্যান্ডে মালিক-শ্রমিক সংগঠন এবং যানজট নিরসন-সংক্রান্ত নানা কমিটির আড়ালে প্রকাশ্যে মোটা অঙ্কের চাঁদাবাজি হচ্ছে।গত নভেম্বরে ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতা ইসমাইল হোসেনের সই করা চিঠির মাধ্যমে আজিমপুর এলাকায় চাঁদা তোলার জন্য স্থানীয় যুবলীগের নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়। মালিকেরা চাঁদা না দেওয়ায় সেখানকার কাউন্টার তুলে দেয় ওই কমিটি।ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গত ফেব্রুয়ারি মাসে আবুল কাশেমকে সভাপতি ও মহারাজ হোসেনকে সাধারণ সম্পাদক করে মিরপুর চিড়িয়াখানা এলাকায় ১৭ সদস্যের কমিটি করে দেন। গত মঙ্গলবার কাউন্টারভিত্তিক বাসমালিকেরা এ কমিটির বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করেছিলেন।মিরপুর-১০ নম্বর গোলচত্বরে স্থানীয় পরিবহনের নেতা নুরুল হক ও নুরু মিয়া কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করেও খন্দকার এনায়েতের লোকজনের সঙ্গে পেরে ওঠেননি।গাবতলী বাস টার্মিনাল কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণ করে আসছেন সাবেক সাংসদ জি এম সিরাজ, কফিল উদ্দিন, রমেশ চন্দ্র ঘোষসহ অন্য কয়েকজন নেতা।চাঁদাবাজির প্রতিবাদে গত বছরের ২৯ আগস্ট রাজধানীর ফার্মগেট এলাকায় আটটি বাস কোম্পানি তাদের টিকিট বিক্রি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখে। ওই দিনই নগরের জয়কালী মন্দির এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মারামারিতে শ্রমিকনেতা আবদুল ওয়াদুদ গুরুতর আহত হন।এর পরও বিভিন্ন সময় চাঁদা দিতে অস্বীকার করায় বাস কোম্পানির কর্মচারী মারধর ও মালিকদের বাস চলাচল বন্ধের হুমকি দেওয়ার একাধিক ঘটনা ঘটে।জানা গেছে, গত বছরের ৪ আগস্ট মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক সভায় বাসপ্রতি দৈনিক ৭০ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়। ঠিক হয়, ৭০ টাকার মধ্যে মালিক সমিতি পাবে ৪০ টাকা, শ্রমিক ইউনিয়ন ২০ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পাবে ১০ টাকা।চাঁদার ওই হার বাস্তবায়নে মতৈক্যের জন্য সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিভিন্ন বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।পুলিশ কমিশনারের কার্যালয় থেকে চাঁদার হার নির্ধারণ করার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. বাবুল হোসেন একটি রিট মামলা করেন। গত ২৭ আগস্ট হাইকোর্ট এভাবে চাঁদা নির্ধারণ করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান সরকারের কাছে।পুলিশ কমিশনার শহীদুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংগঠন পরিচালনার জন্য কিছু ব্যয় তো লাগবে। সে জন্য মালিক-শ্রমিকেরা মিলে পরিচালন-ব্যয় হিসেবে ৭০ টাকা নির্ধারণ করেছে।কমিশনার দাবি করেন, অতীতে প্রচুর চাঁদা তোলা হতো। এখন ৭০ টাকার বেশি কাউকে তুলতে দেওয়া হচ্ছে না।এদিকে এ ব্যাপারে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত রাতে প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি মির্জা আব্বাস ও গয়েশ্বর রায়ের (বিএনপির নেতা) নেতৃত্বে ১৯৯১-৯২ সাল থেকে শুরু হয়েছে। এক দিনে এটা পুরোপুরি বন্ধ করা যাবে না। সময় লাগবে।৭০ টাকা পরিচালন-ব্যয় হিসেবে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর বেশি যাতে কেউ নিতে না পারে, সে জন্য তাঁরা রসিদের মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করছেন।চাঁদার হার ও প্রক্রিয়া: সরেজমিনে ঘুরে ও মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকাশ্য এই চাঁদার বাইরেও একজন বাসমালিককে দৈনিক গড়ে ৫০০ থেকে ৯০০ টাকা চাঁদা দিতে হয়। এটি নিয়ন্ত্রণ করে মালিক-শ্রমিক সংগঠনগুলো। কিন্তু ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলে না। সূত্র জানায়, বর্তমানে আন্তজেলা ও রাজধানীতে চলাচলকারী প্রায় সব বাসই বিভিন্ন কোম্পানির অধীনে চলে। এসব কোম্পানির নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী মালিক-শ্রমিকনেতারা। তাঁরা জয়েন্ট স্টক কোম্পানি থেকে ছাড়পত্র জোগাড় করলেও নিজেরা কোনো বাস নামান না।বাসমালিকেরা ওই সব কোম্পানির অধীনে বাস চালানোর জন্য আসেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট বাসের দৈনিক আয় থেকে প্রতি যাত্রায় ‘গেট পাস’ (জিপি) হিসেবে ৩০০ থেকে ৯০০ টাকা দিন শেষে কেটে রাখা হয়। বিনিময়ে বাসের মালিক কোম্পানির নাম ব্যবহার করেন এবং নিরাপত্তা পান।নেতৃত্বে যাঁরা: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিবহন খাতের চাঁদা তোলার নিয়ন্ত্রণ নেন ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তাঁকে চ্যালেঞ্জ জানান সমিতির আরেক অংশের নেতা মেজর জেনারেল (অব.) আমসা আমিন। দুজনই নিজেকে ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতা দাবি করেন। কার কমিটি বৈধ, তা ঠিক করতে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। দুই পক্ষের এই কর্তৃত্বের লড়াইয়ে এনায়েতের পাশে এসে দাঁড়ান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মন্ত্রী শাজাহান খান। অন্যদিকে আমসা আমিনের পক্ষ নেন সাংসদ নূর ই আলম চৌধুরীর আত্মীয় মনির চৌধুরী।সর্বশেষ মহাখালী, ফুলবাড়িয়া এলাকায় এনায়েত-শাজাহান খানের করা কমিটি মালিক-শ্রমিক সমিতি নিয়ন্ত্রণ করছে। সায়েদাবাদে শ্রমিক ইউনিয়নের কর্তৃত্ব নিয়ে শাজাহান খানের লোক বলে পরিচিত আবদুল ওদুদ ও আমসা আমিনের সমর্থক আলী রেজার মধ্যে প্রতিযোগিতা চলছে।আলী রেজা প্রথম আলোকে বলেন, টার্মিনালগুলোতে চাঁদাবাজি হচ্ছে। সাধারণ শ্রমিকদের নিয়ে তাঁরা চাঁদাবাজি বন্ধের চেষ্টা করছেন।মিরপুর এলাকায় চাঁদাবাজির অন্যতম নিয়ন্ত্রক এনায়েতের লোক হুমায়ুন কবির প্র্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ৭০ টাকা চাঁদা নেন, এর বেশি নয়। চাঁদাবাজির জন্য নুরুল হক ও নুরু মিয়াদের বিতাড়িত করেছেন বলে দাবি করেন তিনি।কিন্তু বিতাড়িত নুরু মিয়া দাবি করেন, সেখানে প্রতি বাস থেকে ৫০০ টাকার ওপরে চাঁদা নেওয়া হচ্ছে।ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর ঘনিষ্ঠ প্রচার ও সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন ওরফে বাবু প্রথম আলোকে বলেন, পুরো ঢাকায় করা তাঁদের কমিটি শুধু ৭০ টাকা চাঁদা নেয়। বাবু বলেন, শাজাহান খানের নেতৃত্বে তাঁরা এটা করছেন। তাঁর বক্তব্য, চাঁদার ৭০ টাকা মালিক-শ্রমিক সংগঠনগুলোর অফিস পরিচালনায় খরচ হয়।সূত্র জানায়, রাজধানীর টার্মিনালগুলো থেকে বিভিন্ন জেলায় প্রায় ২০ হাজার গাড়ি চলাচল করে। প্রতি গাড়ি থেকে ৭০ টাকা করে তুললেও দৈনিক চাঁদা ওঠে ১৪ লাখ টাকা। গেট পাসের আয় ধরলে সেটা দাঁড়ায় কয়েক কোটি টাকায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মালিক-শ্রমিকের নামে চাঁদা তোলা হলেও এ পর্যন্ত কেউ মালিক বা শ্রমিকের উপকারে কোনো কাজ করেনি। তাঁদের মতে, ওই বিপুল অর্থ অফিস খরচে ব্যবহূত হওয়ার যুক্তিও মোটেই বিশ্বাসযোগ্য নয়।