মালিকদের দ্বন্দ্বে বাসযাত্রীদের নাভিশ্বাস
দুই মালিক সমিতির বিরোধের কারণে আজ রোববারসহ চার দিন ধরে টাঙ্গাইল-গাজীপুর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসমালিক, শ্রমিক ও যাত্রীরা জানায়, টাঙ্গাইল-গাজীপুর সড়কে সরাসরি চলাচলের জন্য ৫৪টি যাত্রীবাহী বাস রয়েছে। ঈদের আগে যাত্রীদের কথা বিবেচনা করে গাজীপুর জেলা মালিক সমিতির পক্ষ থেকে এ সড়কে বাস বাড়ানো হয়। এদিকে টাঙ্গাইল মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই সময় গাজীপুর জেলা বাস মালিক সমিতি টাঙ্গাইল মালিক সমিতির প্রায় ৩০টি যাত্রীবাহী বাসকে সময়মতো ছাড়তে (ট্রিপ) দিত না। বরং তারা নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায় ও টাঙ্গাইলের বাসশ্রমিক ও চালকদের সঙ্গে দুর্ব্যবহার করত। ঈদের পর এর প্রতিবাদ করায় দুই পক্ষের বিরোধের কারণে আজ পর্যন্ত চার দিন ধরে টাঙ্গাইল-গাজীপুর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বাসগুলো মহাসড়কে মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজ এলাকা পর্যন্ত যাতায়াত করছে।মির্জাপুর পৌরসভার কর নির্ধারক এস এম ফখরুল আলম ও বাংলাদেশ পৌরসভা লাইসেন্স পরিদর্শক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, তাঁদের দুজনকে প্রতিদিন চৌরাস্তা ও গাজীপুর থেকে এসে অফিস করতে হয়। আজ সকালে তাঁদেরকে গাজীপুর-টাঙ্গাইলের মধ্যে চলাচলকারী একটি বাসে এসে ক্যাডেট কলেজ এলাকায় নামতে হয়েছে। ফলে তাঁরা নির্ধারিত সময়ের প্রায় আধঘণ্টা পরে অফিসে পৌঁছান। টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক দিবাকর পাল নয়ন ওই অভিযোগ করে বলেন, যাত্রীদের সুবিধার্থে ওই সময় কিছু না বলে ঈদের পর এর কারণ জানতে চাওয়াতে গাজীপুর মালিক সমিতি সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে। গাজীপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের পর টাঙ্গাইল মালিক সমিতির পক্ষ থেকে তাদের বাসগুলোকে ঠিকমতো ট্রিপ না দেওয়ার পাশাপাশি শ্রমিকদের গালিগালাজ করার প্রতিবাদে সরাসরি বাস চালানো বন্ধ করা হয়েছে। তবে খুব শিগগিরই একটা সমাধান হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।