সাভারে ভবনধস: ডিসির কার্যালয়ের তদন্ত প্রতিবেদন
মালিকদের সম্পত্তি থেকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ
সাভারে রানা প্লাজার মালিক আবদুল খালেক ও তাঁর ছেলে সোহেল রানা এবং পোশাক কারখানাগুলোর মালিকদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় করে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের সুপারিশ করা হয়েছে।রানা প্লাজা ধসের ঘটনায় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সব মিলিয়ে ১৯টি সুপারিশ করেছে। সাত সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।কমিটি বিভিন্ন হাসপাতালে চিকি ৎসাধীন আহত শ্রমিক এবং ভবনমালিক, পোশাক কারখানার মালিকসহ ২৪৫ জনের বক্তব্য নিয়ে, দুর্ঘটনাস্থল পরিদর্শন, ধসে পড়া ভবনের উপাদানের নমুনা পরীক্ষা এবং দালিলিক নানা প্রমাণ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ১১৪ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, নাগরিকদের ক্ষয়ক্ষতি (সিভিল ড্যামেজ), গুরুত্ব না দেওয়া ও ফৌজদারি অপরাধের জন্য যে কেউ মামলা করতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই রানা প্লাজার মালিকদের সম্পত্তি থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায় ও পনর্বাসনের জন্য মামলা করা যাবে এবং আইনি সহায়তার মাধ্যমে তাঁরা ক্ষতিপূরণও নিতে পারবেন।দুর্ঘটনার কারণ: কমিটি প্রতিবেদনে বলেছে, ছয়তলা হিসেবে অনুমোদিত একটি ভবনে একাধিক ছাদ ঢালাই হওয়ার পর দশতলার জন্য বিধিবহির্ভূতভাবে আবার অনুমোদন দেওয়া, দুর্বল কাঠামোর ওপর দশতলা ভবন নির্মাণ, দ্বিতীয়বার দশতলা অনুমোদন দেওয়ার সময় ছয়তলা অনুমোদন-সংশ্লিষ্ট নথিপত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপেক্ষা, আটতলার ছাদে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা এবং তৃতীয়, সপ্তম ও অষ্টম তলায় ইলেকট্রিক জেনারেটর স্থাপন ও ফাটলের বিষয়ে জানার পরও সরেজমিনে ঘটনাস্থলে না যাওয়াই এত বড় দুর্ঘটনার কারণ। দায়ী ব্যক্তি: ছয়তলার পরে দশতলা নির্মাণ, নকশা অনুমোদনে জালিয়াতির আশ্রয়, ভবনের অনুমোদিত ব্যবহারের ধরন ব্যত্যয় ও নিম্নমানের সামগ্রী ব্যবহার, ফাটলের খবর জানার পরও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা গ্রহণ না করার কারণে ভবনধস ও প্রাণহানির জন্য ভবনের মালিক আবদুল খালেক ও সোহেল রানাকে তদন্ত প্রতিবেদনে দায়ী করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, রানা প্লাজা কারখানা হিসেবে ভাড়া নেওয়ার সময় ভবনটির ব্যবহারের ধরন উপেক্ষা করে বিভিন্ন ফ্লোরে জেনারেটর ও গোডাউন স্থাপন, ফাটল দেখা যাওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ না করে শুধু মিলাদ পড়িয়ে পরদিন কারখানা খোলা রেখে চাকরিচ্যুতির ভয় এবং জাহাজীকরণের দোহাই দিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার জন্য রানা প্লাজায় অবস্থিত পোশাক কারখানার মালিকেরাও দায়ী।এ ছাড়া দ্বিতীয়বার দশতলা নির্মাণের অনুমোদন দেওয়ার সময় আইন না মানার কারণে বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত হওয়া মেয়র রেফাতউল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম (বর্তমানে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী), সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান (বর্তমানে বিদেশে), রকিবুল হাসান উপসহকারী প্রকৌশলীকে (সিভিল) দায়ী করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যেমন ইপিবি, বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, বিনিয়োগ বোর্ডও দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বড় ধরনের এই শিল্প বিপর্যয়ের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও (রাজউক) কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে কমিটি।সুপারিশ: কমিটির প্রতিবেদনে সাভারে রানা প্লাজা ধসের জন্য আট কর্মকর্তা, ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, দ্বিতীয়বার দশতলা অনুমোদনের সময় সাভার পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও সাভার উপজেলার ত ৎকালীন নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় মৃত, উদ্ধারপ্রপ্ত আহত, পঙ্গু ও নিখোঁজ শ্রমিকদের নামের তালিকা সঠিকভাবে প্রকাশ করে সব শ্রমিককে বেতন-ভাতা পরিশোধসহ যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে বলা হয়েছে। ভবন নির্মাণ অনুমোদন ও তদারকির জন্য একক কর্তৃপক্ষ নির্ধারণ এবং সেই কর্তৃপক্ষের যৌক্তিক অধিক্ষেত্র নির্ধারণসহ দ্বৈত বা সাংঘর্ষিক আইন বাতিল করতে বলা হয়েছে কমিটির প্রতিবেদনে।মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে যেসব বিষয় সুপারিশ করা হয়েছে, তার আইনগত ও পদ্ধতিগত দিক বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছি।