মালিকদের সম্পত্তি বিক্রি বন্ধ ও হিসাব জব্দের নির্দেশ
সাভারে ধসে পড়া ভবনের মালিক ও ভবনটিতে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকেরা যাতে তাঁদের সম্পত্তি বিক্রি বা স্থানান্তর না করতে পারেন, এ জন্য একটি নির্দেশনা জারি করতে নিবন্ধন মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে শ্রমিকদের বেতন ছাড়া সংশ্লিষ্ট মালিকদের ব্যাংক হিসাব জব্দ রাখতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ নির্দেশ দিয়েছেন।হাইকোর্টের নির্দেশে সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা ও ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানার মালিকসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আজ আদালতে হাজির করা হয়। অপর চারজন হলেন নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও পরিচালক মাহমুদুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড ও ফ্যান্টম ট্যাক লিমিটেডের মালিক আমিনুল ইসলাম এবং ইথার টেক্স লিমিটেডের মালিক আনিসুর রহমান। শুনানি শেষে আদালত আদেশ দেন।এ ছাড়া ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ নির্ধারণে নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিএমইএ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।একই সঙ্গে ওই ঘটনার পর সরকার ও রাজউকের নেওয়া পদক্ষেপ প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া দেশের সব পোশাক কারখানার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে একটি তালিকা আদালতে দাখিল করতে বিজিএমইএর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।কারখানাগুলোতে অন্যান্য নিরাপত্তা না থাকলে তা অবিলম্বে বন্ধ করতে প্রধান কারখানা পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য ৮ মে তারিখ ধার্য করেছেন আদালত। ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে সাড়ে তিন শতাধিক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।