মালিকের কাছ থেকে অর্থ নিইনি
আলোচিত রিয়েল এস্টেট ব্যবসায়ী মালিক রিয়াজের কাছ থেকে অর্থ গ্রহণের কথা অস্বীকার করেছেন সাবেক ক্রিকেটার ও তারিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। আরসালান মামলায় ইমরানকে জড়িয়ে অর্থ গ্রহণের যে অভিযোগ করা হয়েছে তা-ও অস্বীকার করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আজ বৃহস্পতিবার জি নিউজে প্রকাশিত এক খবরে এ কথা জানা গেছে। ইমরান বলেন, রাজনীতিবিদ, সেনাবাহিনীর জেনারেল, সাংবাদিক ও আমলাদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ করে পাকিস্তানকে নিলাম ঘর বানিয়ে ফেলেছেন রিয়াজ। তিনি বলেন, আমরা সব সময়ই স্বাধীন বিচার বিভাগের পক্ষে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের মাধ্যমে এটাই প্রমাণিত হয়, এ মামলার মাধ্যমে কেবল প্রধান বিচারপতি নয়, পুরো সুপ্রিম কোর্টকেই হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। সাবেক এই ক্রিকেটার বলেন, রিয়াজের উচিত তিনি যেসব লোককে টাকা দিয়েছেন তাঁদের নাম প্রকাশ করা। তিনি আরও বলেন, বিভিন্ন দল মালিক রিয়াজের কাছ থেকে আর্থিক সুবিধা নিলেও একমাত্র আমাদের দলই কোনো অর্থ নেয়নি। তাঁর বিরুদ্ধে করা অভিযোগকে রাওয়ালপিন্ডির একজন রাজনীতিবিদের প্রচারণা উল্লেখ করে ইমরান বলেন, পিটিআই রিয়াজ বাহরিয়ার অর্থায়নে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করেনি। এটা এক ধরনের ডাহা মিথ্যা এবং এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বন্য অভিযোগের কোনো ভিত্তি নেই।