মালিকেরা প্রতারণা করছেন!
সরকার থেকে ভাড়া নির্ধারণ করে দেওয়া, উচ্চ আদালতের নির্দেশনা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান— কোনো কিছুই বাসমালিকদের বাড়তি ভাড়া আদায় থামাতে পারছে না। বাসমালিক সমিতির নেতারা একদিকে তাঁদের নিজেদের কোম্পানির বাসেই বেশি ভাড়া আদায় করছেন, অন্যদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের বৈঠকে গিয়ে সরকার নির্ধারিত ভাড়ার হার বাস্তবায়নের পক্ষে মত দিচ্ছেন। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসমালিকেরা সরকারের সঙ্গে বসে ভাড়া নির্ধারণ করেন, বিভিন্ন বৈঠকে নির্ধারিত ভাড়া মেনে নেওয়ার ও বাস্তবায়নের ঘোষণা দেন। কিন্তু বাস্তবে তাঁরা কোনো সিদ্ধান্তই মানছেন না। এটা সরকার ও জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখনো অনেক বাসে বা টিকিট বিক্রির কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো হয়নি। জানতে চাইলে কয়েকটি কাউন্টারের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করে একটি তালিকা বের করে দেখান। দেখা যায়, মিনিবাসের কাউন্টারে বড় বাসের ভাড়ার তালিকা রেখে দেওয়া হয়েছে। গত সোমবার হাইকোর্ট বাড়তি ভাড়া আদায় রোধে রাজধানীর একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাসে ও কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানোসহ বেশ কিছু নির্দেশনা দেন। বিআরটিএও গত মঙ্গলবার ভাড়ার তালিকা সরবরাহ করে মালিকদের। শত ভাগ বাড়তি ভাড়া আদায়: নিউভিশন কোম্পানির মিনিবাসে প্রেসক্লাব থেকে ফার্মগেট পর্যন্ত ১০ টাকা ভাড়া আদায় করতে দেখা গেছে। এই কোম্পানির বাস মতিঝিল থেকে মিরপুরে যায়। বাসের ভেতরে কোনো ভাড়ার তালিকা পাওয়া যায়নি। অথচ বিআরটিএ তালিকা করে তা সরবরাহ করেছে।সরকার মিনিবাসের সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা বেঁধে দিয়েছে। বিআরটিএর হিসাব অনুযায়ী, প্রেসক্লাব থেকে ফার্মগেটের দূরত্ব ৪ দশমিক ১ কিলোমিটার। মিনিবাস হিসেবে এই পথের ভাড়া হওয়ার কথা পাঁচ টাকা ৯৫ পয়সা। এই বাসে প্রেসক্লাব থেকে শাহবাগ বা কারওয়ান বাজারে নামলেও ১০ টাকা আদায় করা হয়। শাহবাগ ও কারওয়ান বাজারের যে দূরত্ব, সে হিসেবে তা সর্বনিম্ন ভাড়ার মধ্যে পড়ে। সিটি সুপার সার্ভিসেও একই অবস্থা। এই পরিবহনেও মিনিবাসে প্রেসক্লাব থেকে ফার্মগেট পর্যন্ত ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। প্রেসক্লাব থেকে যে যাত্রী ওঠেন, তাঁকেও মতিঝিলের টিকিট কিনতে হয়।মালিক সমিতির নেতাদের বাসে বাড়তি ভাড়া: ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন কোম্পানির বাস ‘এনা পরিবহন’। গত রোববারও মতিঝিল বা প্রেসক্লাব থেকে শাহবাগ ও ফার্মগেটে আট টাকা ভাড়া নেওয়া হতো। এটা সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ছিল। কিন্তু দুই দিন বাদে এখন এই পরিবহনে মতিঝিল বা প্রেসক্লাব থেকে ফার্মগেটের ভাড়া ১১ টাকা করা হয়েছে। প্রেসক্লাব থেকে ফার্মগেটের যে দূরত্ব তা সর্বনিম্ন ভাড়ার মধ্যে পড়ে। সে হিসেবে ভাড়া আসে সাত টাকা। এনা পরিবহনে মিরপুর ১১ নম্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত ২৪ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এই পথের দূরত্ব ১১ দশমিক ৮ কিলোমিটার। ভাড়া হওয়ার কথা ১৮ টাকা ২৯ পয়সা। একদিকে নিজের কোম্পানির বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, অন্যদিকে মন্ত্রণালয়ের বৈঠকে এনায়েত উল্যাহ বলছেন, ‘সব ঠিক হয়ে গেছে।’ গতকালও যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠকে বাড়তি ভাড়া আদায় হচ্ছে না বলে দাবি করেন এনায়েত উল্যাহ। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের কিছু লোক বাড়তি ভাড়া আদায় করছে। পরিবহনের ভাড়া বৃদ্ধির সময় সরকারের সঙ্গে বৈঠক হয় সেখানেও এনায়েত উল্যাহ বাসমালিকদের নেতৃত্ব দেন। সেখানে তিনি সরকার নির্ধারিত ভাড়া মেনে নেন। কিন্তু তাঁর নিজের বাসেই তা মানা হচ্ছে না। খোন্দকার এনায়েত উল্যাহ দাবি করেন, তাঁরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছেন। জনগণ এটা মেনেও নিয়েছে।সিএনজিচালিত বাসমালিকদের সংগঠন এবিসির সভাপতি খোন্দকার রফিকুল হোসেনের কোম্পানি উইনার। এই পরিবহনে আজিমপুর বা নিউমার্কেট থেকে পান্থপথ বা বসুন্ধরা সিটি পর্যন্ত ১২ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এই পরিবহনে যাত্রীদের চাহিদামতো গন্তব্যের টিকিট না দিয়ে অন্য গন্তব্যের টিকিট দেওয়া হয়। বিআরটিএর হিসাব অনুযায়ী, নিউমার্কেট থেকে বসুন্ধরা সিটির দূরত্ব তিন কিলোমিটার। সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া সাত টাকাই এই পথের জন্য নির্ধারিত। মিনিবাসে বড় বাসের তালিকা: ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বোরাক পরিবহনের কাউন্টারে গিয়ে ভাড়ার তালিকা আছে কি না জানতে চাইলে টিকিট বিক্রেতা মাহফুজুর রহমান খোঁজাখুঁজি শুরু করেন। পরে টেবিলের নিচ থেকে একটি তালিকা বের করে দেখান। তবে সেটি ছিল বড় বাসের ভাড়ার তালিকা। কিন্তু বোরাক পরিবহনের সবই মিনিবাস। এ কোম্পানির বাসে গুলিস্তান থেকে তিন কিলোমিটার দূরের দোলাইরপাড়ে ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। টিকিট বিক্রেতা জানান, এর চেয়ে কম মূল্যের কোনো টিকিট তাঁদের কাছে নেই। ফুলবাড়িয়া-গাজীপুর পথে চলাচলকারী প্রভাতী বনশ্রী পরিবহনের টিকিট কাউন্টারেও বড় বাসের ভাড়ার তালিকা সংরক্ষণ করতে দেখা গেছে। তারাও তালিকা টাঙায়নি। এই বাসে কাকরাইল থেকে তিন কিলোমিটার দূরে মগবাজারে যাওয়ার জন্য ১৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এই পথের ভাড়া হওয়ার কথা পাঁচ টাকা। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে, তাজমহল রোড, শ্যামলী, আগারগাঁওসহ বিভিন্ন জায়গার টিকিট কাউন্টারগুলোতে গিয়ে ভাড়ার তালিকাটি পাওয়া যায়নি। মহাখালীর আইসিডিডিআরবির সামনে বিভিন্ন কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানো নেই কেন জানতে চাইলে কাউন্টারে কর্মরত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তালিকা দিয়া কী করবেন। টিকিটের মধ্যেই তো দাম লিখা আছে।’ বচসা, হাতাহাতি: গতকাল বেলা তিনটার দিকে কাকরাইলে যাত্রাবাড়ী-গাবতলী পথে চলাচলকারী লোকাল (রুট-২২) বাসে পরিবহন শ্রমিকের সঙ্গে যাত্রীদের হাতাহাতি হয়েছে। হাতাহাতির পর কাকরাইলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। বাস থেকে নেমে যাওয়া যাত্রী সুজন, আমিনুল ও ফরহাদ জানান, পল্টন মোড় থেকে ওঠে ফার্মগেট যেতে চাইলে তাঁদের কাছে জনপ্রতি আট টাকা ভাড়া দাবি করা হয়। প্রতিবাদ করলে পরিবহনকর্মীরা খারাপ আচরণ করেন। সবাই মিলে প্রতিবাদ করলে একপর্যায়ে হাতাহাতি হয়। ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী মিনিবাস বোরাক পরিবহনে সর্বনিম্ন পাঁচ টাকার দূরত্বের ভাড়াও ২০ টাকা আদায় করা হচ্ছে। গতকাল বিকেলে বোরাক পরিবহনের গুলিস্তান কাউন্টারে এই ভাড়ার কথা শুনেই উত্তেজিত হয়ে হয়ে যান ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুর রহমান। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিতে গেলে অন্যরা তাঁকে শান্ত করেন। অন্য যেসব যাত্রী টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করছিলেন, এ সময় তাঁরা সরকারের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে শুরু করেন।বিআরটিএর হিসাব অনুযায়ী, গুলিস্তান থেকে দোলাইরপাড় পর্যন্ত সর্বনিম্ন ভাড়ার মধ্যেই পড়ে। বোরাক পরিবহনে জুরাইন ও পোস্তগোলায়ও ২০ টাকা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত হারে জুরাইন ও পোস্তগোলার ভাড়া হওয়ার কথা যথাক্রমে পাঁচ টাকা ৮০ পয়সা ও ছয় টাকা ৫৩ পয়সা। ভ্রাম্যমাণ আদালত: বিআরটিএ ও ঢাকা জেলা প্রশাসন গতকাল রাজধানীর গাবতলী, ফার্মগেট, শাহবাগ, সাতরাস্তা, মতিঝিল ও উত্তরা এলাকায় ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব আদালতে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুটি বাস জব্দ করেন আদালত।