মালিতে অভ্যুত্থানের দাবি বিদ্রোহী সেনাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরের শাসনের অবসান ঘটানোর দাবি করেছে বিদ্রোহী সেনারা। আজ বৃহস্পতিবার তাঁরা এ অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট ভবন ও রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং একই সঙ্গে দেশটির সংবিধানও সাময়িকভাবে স্থগিত করেছে।বিদ্রোহী সেনাদের মুখপাত্র আমাদু কোনারে রাষ্ট্রীয় টেলিভিশনে আজ দাবি করেন, তারা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান নিষ্ক্রিয় করে দিয়েছে এবং সংবিধান স্থগিত করেছে। বিদ্রোহী সেনারা নিজেদেরকে গণতন্ত্র ও রাষ্ট্র পুনরুদ্ধারে জাতীয় কমিটির (ন্যাশনাল কমিটি ফর দ্য রেস্টোরেশন অব ডেমোক্রেসি অ্যান্ড স্টেট—সিএনআরডিআর) সদস্য বলে উল্লেখ করেছে।কোনারে বলেন, ‘সিএনআরডিআর অদক্ষ আমাদু তুমানি তুরের শাসনের অবসান ঘোষণা করেছে।’ বিদ্রোহের অংশ হিসেবে আজ সকালে ভারী অস্ত্রের গর্জনে কেঁপে ওঠে মালির রাজধানী বামাকো। সরকারের বিরুদ্ধে বিদ্রোহী সেনারা অভিযোগ করে বলে, সাহারা মরুভূমির উত্তরে তুয়ারেগদের বিদ্রোহ মোকাবিলায় তারা অস্ত্র ও সরঞ্জামের স্বল্পতায় ভুগছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সেনাদের এই তত্পরতাকে অভ্যুত্থান বলে মনে করেছেন। অন্য এক খবরে জানা গেছে মালির পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ভবনে সেনাদের হাতে অবরুদ্ধ আছেন।উল্লেখ্য, সাহারা মরুভূমির উত্তরে তুয়ারেগ নেতৃত্বাধীন বিদ্রোহীদের দমন নিয়ে মালির সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। ওই বিদ্রোহীদের হাতে বহু মানুষ নিহত হয়েছে। প্রায় দুই লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশটির উত্তরের অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রাজধানী বামাকোর ব্যর্থতায় সেনাবাহিনী অসন্তুষ্ট ছিল।সাহারারা বিদ্রোহীরা গত বছর লিবিয়ার গৃহযুদ্ধে অংশ নেওয়া যোদ্ধাদের কাছ থেকে সমর্থন পেয়ে আসছিল। তাদের দমনে উন্নত অস্ত্র-শস্ত্রের জন্য সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিল। ২০০২ সাল থেকে মালির ক্ষমতায় থাকা তুরে জানান, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনের পর তিনি ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন।