মালিতে পায়ে পিষ্ট হয়ে নিহত ৩০
আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে গতকাল সোমবার একটি স্টেডিয়ামে পায়ে পিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, পবিত্র ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে মোদিবো কেইতা স্টেডিয়ামে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বয়ান দেন ইমাম ওসমান মাদানি হাইদারা। বয়ান শেষে স্টেডিয়ামে আসা মুসল্লিরা ইমামের দোয়া চাইতে গেলে অতিরিক্ত ভিড়ে পায়ে পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে। বিবিসির খবরে বলা হয়েছে, হতাহতদের খবর জানতে স্বজনেরা গাবরিয়েল টুর হাসপাতালের সামনে ভিড় করেছে। হাসপাতালের সামনে সিদিক কুলিবালি নামের এক ব্যক্তি জানান, দুর্ঘটনায় তাঁর চাচি মারা গেছেন। কিন্তু ১০ বছর বয়সী চাচাতো বোনের ভাগ্যে কী ঘটেছে তা তিনি এখনো জানেন না। তিনি চাচাতো বোনের সন্ধান জানতে হাসপাতালে এসেছেন। ওই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার। প্রতিবছরই সেখানে এমন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজেন করা হয়।