মালিবাগে নওয়াজেশ নলেজ সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরটির এক পাশের তাকে সাজানো হরেক রকম বই আর গবেষণাপত্র। আরেক পাশে রাখা আছে কম্পিউটার। কয়েকজন কম্পিউটারে কাজ করছিলেন। ঘরের মধ্যে পাতা আছে পড়ার টেবিল। সেখানে বসে কয়েকজন বই পড়ছিলেন। ঘরের এক পাশে বসারও ব্যবস্থা আছে। সেখানে বসে কিছু একটা লিখছিলেন একজন। এই যে পড়া, লেখা ও কম্পিউটার ব্যবহারের চমৎকার আয়োজন, এটা আদতে জ্ঞানচর্চার একটা কেন্দ্র। নাম ‘নওয়াজেশ নলেজ সেন্টার’।মালিবাগের কসমস সেন্টারের ষষ্ঠ তলায় নওয়াজেশ নলেজ সেন্টারের অবস্থান। প্রকৃতিপ্রেমী নওয়াজেশ আহমদের নামে রাখা জ্ঞানচর্চার এই কেন্দ্রটি এ বছরের ১২ এপ্রিল যাত্রা শুরু করে। এটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ’ (ডব্লিউটিবি)। তাই পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর করা নানা বই রয়েছে এই কেন্দ্রে। কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত। তবে সদস্য হলে ভালো হয়। এ জন্য কোনো খরচ লাগে না। যাঁরা কেন্দ্রটির সদস্য হিসেবে পরিচয়পত্র পেতে চান, তাঁদের ৫০ টাকা খরচ করতে হবে।এখানে বই ও গবেষণাপত্রের পাশাপাশি ইন্টারনেট সংযোগসহ সাতটি কম্পিউটার রয়েছে। এসব কম্পিউটারও ব্যবহার করতে পারবেন কেন্দ্রের সদস্যরা। এ ছাড়া এখানে প্রায়ই পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে সেমিনার, আলোচনা, পাঠচক্র, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। নওয়াজেশ নলেজ সেন্টারের সদস্য ওমর শাহাদাত বলেন, ‘জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে জানতে নিয়মিত এখানে আসি। এ ছাড়া এখানকার আয়োজনে যেসব অনুষ্ঠান হয়, সেসব অনুষ্ঠানেও অংশ নিই।’নগরে এমন একটা কেন্দ্র প্রতিষ্ঠার কারণ জানতে চাইলে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘দেশের পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের জীববৈচিত্র্য বিষয়ে আগ্রহী করতেই এই নলেজ সেন্টার প্রতিষ্ঠা করা। এটা তরুণ শিক্ষার্থী ও গবেষকদের কাজে লাগবে বলে আমরা আশা করছি।’যাঁরা বাংলাদেশের বন্য প্রাণী, পরিবেশ-প্রকৃতি কিংবা জীববৈচিত্র্য সম্পর্কে জানতে আগ্রহী, তাঁরা নওয়াজেশ নলেজ সেন্টারে যেতে পারেন। এখানে এসব বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শসেবা দেওয়া হয়। এমনটাই জানালেন কেন্দ্রের কর্মকর্তা ও ডব্লিউটিবির প্রোগ্রাম অফিসার শারমীন বুলবুল। রোববার বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে নওয়াজেশ নলেজ সেন্টার।