মালিবাগে বাসা থেকে ৪২ ভরি স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে এক বাসা থেকে এক লাখ ২০ হাজার টাকা এবং ৪২ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, রাত ১১টা থেকে ভোর পাঁচটার যেকোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে। চোরেরা মালিবাগ প্রথম লেনের ১৩৩ নম্বর পাঁচতলা বাড়ির তৃতীয় তলা বাসার দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। চোরেরা এক লাখ ২০ হাজার টাকা, ৪২ ভরি স্বণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়।ওসি আরও জানান, ওই বাসার মালিক জামাল উদ্দিন। বাসায় শুধু তিনি ও তাঁর স্ত্রী থাকেন। কিন্তু ঘটনার দিন তাঁরা কেউ বাসায় ছিলেন না। জামাল উদ্দিন ছিলেন যশোরে ও তাঁর স্ত্রী উত্তরায় মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন।বাড়িটির অন্যান্য তলায় জামাল উদ্দিনের ভাইয়েরা থাকেন। ভোর পাঁচটার দিকে তাঁরা জামাল উদ্দিনের বাসার দরজার তালা ভাঙা ও খোলা দেখে ভেতরে যান। দেখেন, আলমারি ও বিছানাপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। পরে তাঁরা পুলিশে খবর দেন।এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে ওসি জানান।