মালিবাগে শিক্ষানবিস দাঁতের চিকিৎসকদের কাণ্ড!
দরিদ্র শিশুদের ধরে নিয়ে দাঁত তুলে দাঁতের চিকিৎসার চর্চার অভিযোগে এলাকাবাসী আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগের সিটি ডেন্টাল কলেজ ঘেরাও করেছে। ঘটনার তদন্তে সেখানে সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব -৩) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র্যাব-৩-এর কর্মকর্তা ক্যাপ্টেন শরীয়ত জানান, আজ সকালে সঞ্চিতা নামে আট বছরের এক শিশুর সামনের পাটির দুটি দাঁত তুলে নেন মালিবাগ চৌধুরীপাড়ার সিটি ডেন্টাল কলেজের কয়েকজন শিক্ষানবিস চিকিৎসক।পরে ওই শিশুর মা-বাবা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিকেল তিনটার দিকে কলেজটি ঘেরাও করেন। এলাকাবাসী র্যাবের কাছে অভিযোগ করে, ওই কলেজের শিক্ষানবিস চিকিৎসকেরা মাঝেমধ্যেই শিশুদের মজাদার খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে দাঁত তুলে ফেলেন।কলেজের কর্মকর্তা অশোক কুমার রায় প্রথম আলোকে জানান, আজ শিক্ষানবিস চিকিৎসকেরা একটি শিশুর দাঁত তুলেছেন। এখন ওই শিশুর অভিভাবকেরা বলছেন, তাঁদের অনুমতি ছাড়াই দাঁত তোলা হয়েছে।শিক্ষানবিস চিকিৎসকেরা জানান, তাঁরা শিশুটির বাবার সম্মতি নিয়েই দুধের দাঁত তুলেছেন। এখন এলাকায় এটা ছড়িয়েছে যে চিকিৎসকেরা শিশুটির ভালো দাঁত তুলে ফেলেছেন।