মালিবাগে হোস্টেলে ছাত্রীর মৃত্যু, আরেকজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গত বৃহস্পতিবার কীটনাশকের বিষক্রিয়ায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে, আরেক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুজনই মালিবাগের একটি ছাত্রী হোস্টেলে একই কক্ষে থাকতেন। মৃত ছাত্রীর নাম তারানা শিরীন (১৮)। তানিয়া রহমান (১৭) স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ হোস্টেলের পরিচালক সালেহা বেগমের স্বামী আবদুর রাজ্জাককে (৫০) আটক করেছে।জানা গেছে, তারানা গতবার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। আবার তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তানিয়া শাহজাহানপুরের মির্জা আব্বাস উইমেন্স কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারানার মৃত্যুর ঘটনায় তাঁর চাচা এ কে এম শামসুদ্দীন রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।হোস্টেল পরিচালক সালেহা বেগম প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার বিকেলে তারানা ও তানিয়া বাইরে গিয়েছিলেন। রাত আটটার দিকে তাঁরা ফিরে আসেন। প্রতিদিনের মতো রাত ১২টার দিকে তিনি তাঁদের ঘরে দেখেছেন। এরপর তিনি ঘুমাতে যান। রাত দুইটা-আড়াইটার দিকে তানিয়ার এক আত্মীয় হোস্টেলে এসে দারোয়ানকে জানান, তিনি তানিয়ার মামা। তানিয়া ফোন করে বলেছে, সে খুবই অসুস্থ। এরপর সালেহা, তাঁর স্বামী, তানিয়ার আত্মীয়সহ অন্যরা মিলে তানিয়াদের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। অনেকক্ষণ পর তানিয়া দরজার সিটকিনি খুলেই মেঝেতে পড়ে যায়। দ্রুত তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনো আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকেরা জানান। আর তারানাকে একটি ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তানিয়ার মা হাসিনা সালাম জানান, তানিয়ার সঙ্গে তিনি কথা বলতে পারেননি। তাই কিছু বলতে পারছেন না। সে ভালো ছাত্রী। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। কয়েক দিন আগে সে অভিযোগ করে, তার রুমমেট তারানা সারা রাত জেগে ফোনে কথা বলেন। এতে তার পড়ালেখায় সমস্যা হয়। পরে তিনি তানিয়াকে অন্য কক্ষে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন হোস্টেল পরিচালককে।হাসিনা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে তানিয়ার সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তানিয়ার মন একটু খারাপ মনে হয়েছে। জিজ্ঞেস করলে সে বলেছিল, তার ঠান্ডা লেগেছে। কেউ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় নেই। তাঁর স্বামী সৌদি আরবে থাকেন বলে তিনি জানান।তারানার গ্রামের বাড়ি নোয়াখালী। তাঁর বাবা নেই। চাচা শামসুদ্দীন তাঁর পড়ালেখার খরচ দিতেন বলে হোস্টেল পরিচালক জানান। শামসুদ্দীন সাংবাদিকদের জানান, রাতেই তিনি তারানার খবর পান। তবে কী থেকে কী হলো, তিনি বুঝতে পারছেন না। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান জানান, হিলথিয়ন নামে এক ধরনের কীটনাশকের বিষক্রিয়ায় তারানার মৃত্যু হয়েছে। খিলগাঁও বাজার থেকে এই কীটনাশক কেনা হয়েছিল। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিকেলে তারানার লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়।