মালিয়ার হাতে মুঠোফোন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়ে মালিয়ার হাতে এসেছে ব্যক্তিগত মুঠোফোন। সম্প্রতি বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা তাঁদের বড় মেয়ে মালিয়াকে মুঠোফোন কিনে দিয়েছেন বলে এবিসি নিউজ জানিয়েছেন। মালিয়ার ছেলেবন্ধুরা তাঁকে ওই মুঠোফোনে কলও করেছে বলে জানা গেছে।এনডিটিভির খবরে বলা হয়, এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে ওবামা ও মিশেল তাঁদের ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন।ওই মুঠোফোন দিয়ে মালিয়া কার সঙ্গে কথা বলবে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মিশেল জানান, ‘আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই প্রথমে আমরা মালিয়াকে পর্যবেক্ষণ করব, সে কার সঙ্গে কথা বলে; স্কুলের পড়াশোনার বিষয়ে কথা বলে কি না। তা ছাড়া রশি ছেড়ে দিয়ে আমরাও দেখতে চাই মালিয়া ঠিক কত দূর যেতে পারে।’মেয়েদের প্রসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা সাক্ষাত্কারে বলেন, তাঁদের মেয়েরা মিথ্যে কথা বলায় মোটেও পটু নয়। তা ছাড়া ঠিক এই বয়সে ছেলেরা মালিয়াকে ফোন দেবেই। তিনি বলেন, ‘আমি সব সময় তাদের সঙ্গে সিক্রেট সার্ভিসের নিরাপত্তার বিষয়ে আলাপ-আলোচনা করি। বিষয়টা তারাও জানে।’ এ ছাড়া সাক্ষাত্কারে ওবামা তাঁর ২০ বছরের বিবাহিত জীবনের অনেক বিষয় নিয়েই আলোচনা করেছেন।সাক্ষাত্কারে মিশেল বলেন, ‘আমি আমার স্বামীকে দেখে অনেক কিছুই শিখেছি। তাঁকে দেখে বুঝেছি, কী করে নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে কাজ করতে হয়।’