মালির অভ্যুত্থানকারীরা ক্ষমতা ছাড়তে সম্মত
আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানকারী নেতারা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা প্রচার করা হয় বলে বিবিসি অনলাইন জানিয়েছে।টেলিভিশনে প্রচারিত ওই ঘোষণায় বলা হয়, পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠনের (ইসিওডব্লিইএএস) সঙ্গে মধ্যস্থতার পর অভ্যুত্থানকারী সেনাসদস্যরা বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন।দেশটির অভ্যুত্থানকারী নেতা আমাদো সানোগো জানিয়েছেন, তিনি সরে দাঁড়ানোর পর পার্লামেন্ট-প্রধান দেশটির অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব নেবেন।ক্ষমতা থেকে সরে দাঁড়ালে মালির ওপর আফ্রিকার দেশগুলোর আরোপ করা অবরোধ তুলে নেওয়া হবে বলে জানা গেছে।এদিকে দেশটির তুয়ারেগ বিদ্রোহীরা উত্তরাঞ্চলকে নিয়ে স্বতন্ত্র ‘আযাওয়াদ’ রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন বিদ্রোহীদের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।গত ২২ মার্চ দেশটির একদল বিদ্রোহী সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে। আন্তর্জাতিক সম্প্রদায় এ অভ্যুত্থানের তীব্র সমালোচনা করে দেশটির ওপর নানা ধরনের অবরোধ আরোপ করেছে।