মালির ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে আলোচনায় বসতে যাচ্ছেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতারা। তাঁদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিদ্রোহী সেনারা ব্যারাকে ফিরে না যাওয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের এ আলোচনা শুরু হচ্ছে। আজ সোমবার সেনেগালের রাজধানী ডাকারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।১০ দিন আগে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে কয়েকজন বিদ্রোহী সেনা সরকারকে উত্খাত করে। এর পর থেকেই পশ্চিম আফ্রিকার দেশগুলোর সংগঠন ইসিওডব্লিউএএস মালির সঙ্গে সীমান্ত বন্ধ, সম্পদ জব্দ ও ঋণের অর্থ আটকে রাখার হুমকি দিয়ে আসছে। ইসিওডব্লিউএএসের এই চাপের মুখে বিদ্রোহী নেতা ক্যাপ্টেন আমাদৌ সানোগো ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা জানালেও কবে নাগাদ করা হবে, তা জানাননি।ইতিমধ্যে বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠী তুয়ারেগ দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল রোববার তারা দেশটির ঐতিহাসিক শহর টিম্বাকটু দখল করে নেয়।ইসিওউব্লিউএএসের প্রধান ও আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতেরা বলেন, তিনি ক্যাপ্টেন সানোগোর সঙ্গে কথা বলেছেন। সে সময় সাংবিধান পুনঃপ্রতিষ্ঠায় সানোগোর প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি।ক্যাপ্টেন সানোগো ক্ষমতা দখলের পর একটি নতুন সংবিধান ঘোষণা করলেও গত রোববার তিনি ১৯৯২ সালের সংবিধানে ফিরে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে তাঁরা স্থানীয় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন।সানাগো এএফপিকে বলেন, টিম্বাকটুতে বিদ্রোহীদের অস্ত্রবিরতিতে রাজি করাতে তিনি কয়েকজন দূত পাঠাবেন।টিম্বাকটুর কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তুয়ারেগ বিদ্রোহীরা শহরটির বিমানবন্দর, প্রশাসনিক ভবন ও সেনাক্যাম্প দখল করে নিয়েছে।মেয়র ওয়াসমানে হলে বার্তা সংস্থা এপিকে বলেন, শহরটি এখন পুরোপুরি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।মালিতে বিদ্রোহ দমনে সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগে সেনা অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে উত্খাত করা হয়। আর তুয়ারেগগোষ্ঠী নিজেদের প্রতি সরকারের অবহেলার অভিযোগ এনে কয়েক বছর ধরে বিদ্রোহী তত্পরতা চালাচ্ছে।বিদ্রোহী ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদ (এমএনএলএ) এক বিবৃতিতে বলেন, আজাওয়াদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখানকার মানুষের সুখের জন্য তাদের মিশন শুরু করেছে।