মালির প্রেসিডেন্ট নিরাপদে আছেন (ভিডিও)
পশ্চিম আফ্রিকার দেশ মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং আটক সরকারি কর্মকর্তারা নিরাপদে আছেন বলে দাবি করেছেন সেনা অভ্যুত্থান ঘটনার নেতা আমাদো সানোগো। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সেনা অভ্যুত্থানের নেতা ক্যাপ্টেন আমাদো সানোগো আজ শুক্রবার দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিরাপদে আছেন এবং আটক কর্মকর্তাদের কোনো ক্ষতি করা হবে না।দলত্যাগী কিছু সেনা গতকাল বৃহস্পতিবার মালির প্রেসিডেন্ট আমাদো তৌমানি তৌরেকে উত্খাত করে ক্ষমতা দখল করে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাত্কারে সেনা অভ্যুত্থানের নেতা ক্যাপ্টেন সানোগো বলেন, প্রেসিডেন্ট আমাদো তৌমানি তৌরে নিরাপদে আছেন। কিন্তু তিনি এখন কোথায় আছেন তা জানাননি সানোগো। তবে তৌরের ক্যাম্পের কর্মকর্তা এবং কূটনীতিকদের বিশ্বাস, একদল অনুগত সেনা প্রেসিডেন্টকে রক্ষা করছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের সভাপতি মার্ক লিয়াল গ্রান্ট বলেন, পরিষদের সদস্যরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে জোরপূর্বক ক্ষমতা কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে। প্রেসিডেন্ট আমাদো তৌমানির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্রোহী সেনাদের ব্যারাকে ফিরে যেতে বলেছে নিরাপত্তা পরিষদ। এ ছাড়া আটক সরকারি কর্মকর্তাদের মুক্তিও দাবি করে পরিষদ।
এদিকে মালির নিম্ন পদমর্যাদার সেনারা দাবি করেছেন, দেশটির উত্তরাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ দমনে সরকারের ব্যর্থতার জন্যই তারা ক্ষমতা দখল করেছেন। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি লিন পাসকো বলেন, আগামী ২৯ এপ্রিল দেশটিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সংঘটিত এই অভ্যুত্থান ভালো কোনো ফলাফল বয়ে আনতে পারবে না। এ ছাড়া নির্বাচনে প্রধান দুই প্রার্থী এখন সেনা ব্যারাকে আটক আছেন।