মালির বিষয়ে জাতিসংঘে প্রস্তাব গৃহীত
ইসলামি উগ্রপন্থীদের দখল থেকে মালির উত্তরাঞ্চল মুক্ত করতে সেখানে সামরিক অভিযান চালানোর প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবে অভিযান চালানোর পরিকল্পনার ব্যাপারে ৪৫ দিনের মধ্যে বিস্তারিত জানাতে আফ্রিকার সংস্থাগুলোকে অনুরোধ করা হয়েছে। মালিতে যেকোনো পদক্ষেপের জন্য ১৫ সদস্যের পরিষদের দ্বিতীয় প্রস্তাব লাগবে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। সামরিক হামলার বিস্তারিত পরিকল্পনায় সংস্থাগুলোর সমর্থন ছাড়া জাতিসংঘ প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। মালির সরকার ও পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠন ইকোওয়াজ—উভয়ই আন্তর্জাতিক বাহিনীকে সামরিক অভিযান চালানোর ব্যাপারে অনুরোধ জানিয়েছে। মালির রাজধানী বামাকোতে ইকোওয়াজ প্রতিনিধি, আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে বৈঠকের এক সপ্তাহ আগে জাতিসংঘ এমন সিদ্ধান্ত নিল।গত মার্চে মালির প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামি গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীরা দেশটির উত্তর অংশের দখল নেয়। ফ্রান্স এই প্রস্তাবের খসড়া করে বলেছে, বিস্তারিত ও কার্যকর সুপারিশ নির্দিষ্ট সময়ের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করতে হবে। খসড়ায় মালির সশস্ত্র বাহিনীকে সমন্বিত সহযোগিতা, বিশ্লেষণ, প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর সমর্থন দিয়ে সহযোগিতা করার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব ইভান সিমোনোভিচ মালি থেকে ফিরে সবাইকে সতর্ক করে বলেন, ইসলামপন্থী জঙ্গিরা উত্তর মালিতে তাদের দখল করা এলাকায় কঠোর শরিয়াহর অনুশাসন চালাচ্ছে। তিনি তাঁর সফরের সময় জোর করে বিয়ে-যৌনকর্ম ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার ব্যাপারে শুনেছেন। এ ছাড়া মেয়েদের এক হাজার ডলারের কমে বিক্রি করা হচ্ছে। তিনি দাবি করেন, ইসলামপন্থী জঙ্গিরা বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য এক জুটিকে পাথর নিক্ষেপ করে হত্যা, চুরির অপরাধে হাত কেটে নেওয়া এবং শরিয়াহবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে ঐতিহাসিক নগর টিম্বুকটু শহরের প্রাচীন স্থাপনা ধ্বংস করেছে। বিষয়টি যুদ্ধাপরাধ হিসেবে দেখা হবে বলে জাতিসংঘ হুঁশিয়ার করেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রাথমিক তদন্ত শুরু করেছেন।