মালুমের অপসারণ আবেদনের নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুমের অপসারণ চেয়ে করা আবেদনের নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ রোববার এ-সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করে আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, তিনি (মালুম) মামলা পরিচালনা করবেন কি করবেন না, তা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির সুবিবেচনার ওপর নির্ভর করবে।আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুসারে সরকার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিয়োগ দেয় এবং রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির নেতৃত্বে তাঁরা মামলা পরিচালনা করেন। ফলে কৌঁসুলি মালুম মামলা পরিচালনা করবেন কি করবেন না, এটা রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি নির্ধারণ করবেন।আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আরও বলেন, তাঁর (মালুম) অপসারণ চেয়ে যে আবেদনগুলো করা হয়েছে, সেগুলো স্কাইপ কথোপকথনের ওপর ভিত্তি করে, যা অবৈধভাবে হ্যাকিংয়ের মাধ্যমে প্রাপ্ত।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান ও এক প্রবাসীর মধ্যে স্কাইপে কথিত কথোপকথনে জেয়াদ-আল মালুমের নাম আসার অভিযোগে তাঁর অপসারণ চেয়ে দুটি আবেদন করে আসামিপক্ষ। জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আবেদন দুটি করেছিলেন।