যোগাযোগমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল গেছে মালয়েশিয়ায়। মন্ত্রী জানিয়েছেন, ১০ এপ্রিল পদ্মা সেতু নির্মাণে সমঝোতা স্মারক সই হবে। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু নয়, মালয়েশিয়ার সঙ্গে হবে অবকাঠামো উন্নয়নের সমঝোতা স্মারকঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘পদ্মা সেতু নয়, মালয়েশিয়ার সঙ্গে অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিনিয়োগ সমঝোতা স্মারক (এমওইউ) সই হচ্ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি এই সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। মালয়েশিয়া এখনো সম্মতি দেয়নি।’ গতকাল রোববার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে এমওইউ সইয়ের পর পদ্মা সেতু নির্মাণে বিস্তারিত অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করতে আরও আট-নয় মাস লাগবে। কারণ, পদ্মা সেতু প্রকল্পে কী পরিমাণ অর্থ বিনিয়োগ হবে, আর কত দিনে তা উঠে আসবে—এসব বিষয় চূড়ান্ত করতে হবে। এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সঙ্গেও আলোচনা চলবে। আকস্মিক কোনো চুক্তি বাতিল করা যায় না। বিশ্বব্যাংক ছাড়াও পদ্মা সেতু নির্মাণে আরও তিনটি উন্নয়ন-সহযোগীর সঙ্গে চুক্তি রয়েছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আগেই প্রতিষ্ঠানটিকে বাদ দেওয়ার কথা বিশ্বব্যাংককে বলেছিলাম। লাভালিনকে বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে দিতে বলেছিলাম।’দুর্নীতির অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত এই প্রকল্পে পুনর্বাসন ও ভূমি অধিগ্রহণ করা হয়েছে। কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়নি। কিন্তু ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কার্যক্রম খুব ভালো হয়েছে। কেউ কোনো অভিযোগ করেনি। তিনি আরও বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না (জিরো ট্রলারেন্স)। সেটা এখনো করে যাচ্ছি।’ বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন স্থগিত রেখেছে। কানাডাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিন পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজ দতারকি পরামর্শক হিসেবে দরপত্রে অংশ নিয়েছিল।