মালয়েশিয়া এগিয়ে না এলে আরও পথ খোলা আছে: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংকের ছাড়পত্র পেতে বিলম্ব হলে বিকল্প পথে এই সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হবে। আজ শুক্রবার নোয়াখালীর কবিরহাট থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, সরকারের সামনে এখন লক্ষ্য যেকোনো সমস্যাকে সহনীয় মাত্রায় নামিয়ে আনা। পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, এটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই সেতুর প্রস্তুতিমূলক অবকাঠামোগত কাজ প্রায় শেষ। বিশ্বব্যাংকের প্রক্রিয়া যদি দীর্ঘতর হয়, তবে বিকল্প পথ খোঁজা ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। কোনো কারণে মালয়েশিয়া এগিয়ে না এলে আরও অনেক পথ খোলা আছে। তিনি বলেন, বিকল্প পথ খোঁজা অর্থ এই নয় যে বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ জানানো।নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলকে সঙ্গে নিয়েই আমরা আগামী সংসদ নির্বাচন করতে চাই। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’ আওয়ামী লীগ একা একা নির্বাচন করবে না বলেও তিনি মন্তব্য করেন।নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ নওশের আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক প্রমুখ।