মালয়েশিয়া থেকে বাংলাদেশির লাশ পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে মাটিচাপায় মারা যাওয়া বাংলাদেশি শ্রমিক শাহ আলম মিয়ার (৩৫) লাশ আজ শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহ আলমের স্বজনেরা লাশ গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামের ধন মিয়ার ছেলে।শাহ আলমের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নির্মাণপ্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে পাইলিংয়ের কাজ করছিলেন। ওই সময় মাটি চাপা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে তাঁর সহযোগী অন্য বাংলাদেশি শ্রমিকেরা লাশ উদ্ধার করেন। ওই দিন রাতেই শাহ আলমের মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে এসে পৌঁছে।শাহ আলম মিয়ার স্ত্রী ইয়াছমিন আক্তার (২৬) বলেন, ‘ঋণ কইরা ছয় বছর আগে আমার স্বামী মালয়েশিয়া গেছিল। হেই ঋণের অর্ধেকই শোধ হয় নাই। এহন আমি আমার প্রতিবন্ধী ছেলেসহ তিন পোলা-মাইয়া লইয়া ক্যামনে চলুম, আল্ল¬াই জানে।’শাহ আলমের ছোট ভাই জহির মিয়া বলেন, ‘আজ ভোর ছয়টায় মালয়েশিয়া থেকে ভাইয়ের লাশ ঢাকায় আসে। আমরা বিমানবন্দরে উপস্থিত থেকে লাশ গ্রহণ করেছি।’ তিনি জানান, তাঁর ভাই যে প্রতিষ্ঠানে কাজ করতেন, তাঁরা লাশের দাফন বাবদ বাংলাদেশি টাকায় দুই লাখ ৬৫ হাজার টাকা পাঠিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে দাফন বাবদ তাঁরা কোনো টাকা পাননি।