আগামী কয়েক বছরে মালয়েশিয়া কয়েক লাখ বিদেশি শ্রমিক নেবে। ফলে বাংলাদেশের জন্য এটি সম্ভাবনাময় শ্রমবাজার। বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মালয়েশিয়ার আপত্তিও নেই। তবে এই শ্রমিকদের তারা নিতে চায় সরকারের মাধ্যমে, জনশক্তি রপ্তারিকারক বা মধ্যস্বত্বভোগীদের (দালাল) মাধ্যমে নয়।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এবং দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। হাইকমিশন বলেছে, মালয়েশিয়া তাদের সরকারের মাধ্যমে ও স্বচ্ছতার সঙ্গে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ জানিয়েছে। বিষয়টি তারা দেশে সংশ্লিষ্টদের জানিয়েছে। অতিরিক্ত অভিবাসন-খরচ, চাহিদার কয়েক গুণ শ্রমিক পাঠিয়ে প্রতারণা, শ্রমিকদের কাজ না-পাওয়াসহ বিভিন্ন জটিলতা এড়াতে মালয়েশিয়া এ ব্যবস্থা নিতে চায়। তবে এ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানিয়ে জনশক্তি রপ্তানিকারক ও দালালেরা বলছেন, অতীতেও এ রকম চুক্তি সফল হয়নি।সম্ভাবনাময় শ্রমবাজার: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সিংহভাগ কাজ করেন কারখানা, নির্মাণ (কনস্ট্রাকশন), পাম অয়েল ও রাবার প্ল্যান্টেশন খাতে। এসব খাতে কর্মীর দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশটি প্ল্যান্টেশন, বিভিন্ন কারখানা ও সড়ক নির্মাণ—এ তিন খাতে আরও ৩০ হাজার করে কর্মী বাংলাদেশ থেকে নিতে চায়।সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখা থেকে ঢাকায় পাঠানো এক বার্তায় বলা হয়েছে, মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি কয়েকটি উন্নয়ন প্রকল্পে আগামী কয়েক বছরে ছয় লাখ বিদেশি শ্রমিক লাগবে। এর মধ্যে পূর্ব উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল (ইস্ট কোস্ট ইকোনমিক রিজিওন) নামের বিশেষ উন্নয়ন প্রকল্পে লাগবে পাঁচ লাখ ৬০ হাজার কর্মী। এ ছাড়া উত্তর করিডর অর্থনেতিক এলাকা (নর্দার্ন করিডর ইকোনমিক রিজিওন) নামক প্রকল্পে প্রতিবছর পাঁচ হাজার নির্মাণশ্রমিক লাগবে। ইস্কান্দর আঞ্চলিক উন্নয়ন প্রকল্প এবং সারাওয়াক করিডর অব রিনিউবেল এনার্জি (এসসিওআরই) নামের জলবিদ্যুৎ প্রকল্পেও অনেক বিদেশি কর্মী লাগবে।হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারিভাবে লোক নেওয়া গেলে বাংলাদেশ খুব সহজেই সম্ভাবনাময় এই শ্রমবাজার ধরতে পারবে। বাংলাদেশকে সোর্স কান্ট্রি করারও চেষ্টা চলছে। তাই সরকারকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এই বাজার স্থিতিশীল করা গেলে সব সময় লোক পাঠানো যাবে।দূতাবাস সূত্র জানায়, চলতি মাসে সফর করা বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে মালয়েশীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারিভাবে (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি টু জি) লোক আনার আগ্রহ জানিয়েছেন। দুই দেশই এ বিষয়ে একমত হয়েছে। আগামী বছরের শুরুতে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশে যাবে এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ বিষয়ে উভয় দেশ একমত হলে ২০১১ সালের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে আবার লোক নেওয়া শুরু করবে মালয়েশিয়া।মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে আমরা বলেছি, মালয়েশিয়ার লোক লাগবে। সরকারিভাবে, কম অভিবাসন-খরচে ও স্বচ্ছভাবে বাংলাদেশ থেকে লোক আনতে আমাদের আপত্তি নেই। কিন্তু নানা সমস্যা তৈরি হয় বলে মধ্যস্বত্বভোগী বা দালালদের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে লোক নেব না।’এ বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই গণমাধ্যমে কথা বলতে চাই না। মালয়েশিয়া বলেছে, সরকারিভাবে লোক আনলে বাজার খুলতে তাদের আপত্তি নেই। মালয়েশিয়া চায়, যে করেই হোক অভিবাসন-খরচ কমাতে হবে এবং এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে, যাতে কোনোভাবেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশের সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই দেশের সরকার।’ সরকারিভাবে এলে কত খরচ হবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উড়োজাহাজের টিকিটসহ সব মিলিয়ে ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে খরচ রাখা হবে। এ ছাড়া যেসব কর্মী পাঠানো হবে, তাঁরা পাঁচ বছর থাকার অনুমতি পাবেন।’দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ যদি আবার জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিংবা অন্যভাবে মালয়েশিয়ায় লোক পাঠাতে চায়, তবে বাজার চালুর উদ্যোগ ভেস্তে যাবে।মধ্যস্বত্বভোগীদের তৎপরতার কারণে মালয়েশিয়া সর্বশেষ ২০০৯ সালের মার্চ মাস থেকে বাংলাদেশের কর্মী নেওয়া বন্ধ রেখেছে।জনশক্তি রপ্তানিকারকেরা যা বললেন: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, সরকারিভাবে লোক নেওয়ার ব্যাপারে ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে চুক্তি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি। বিষয়টি উল্লেখ করে মালয়েশিয়া শাখা বিএনপির একাংশের সভাপতি ও জনশক্তি রপ্তানিকারক মাহবুব শাহ প্রথম আলোকে বলেন, ‘ওই চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে কথা ছিল বোয়েসেলের মাধ্যমে লোক আনা হবে। জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল আড়াই হাজার টাকা চার্জ নেবে। আমরা যারা বাজার খোলার জন্য চেষ্টা করেছিলাম, কথা ছিল তারা একটি ফি রাখবে। কিন্তু সে সময় একটি চক্র মালয়েশিয়ার কিছু লোককে দেড় মিলিয়ন রিঙ্গিত ঘুষ দেয়। এর পরই সরকারিভাবে না এনে বায়রার সদস্যদের মাধ্যমে লোক আনার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। এ জন্য দুর্ভোগ পোহাতে হয় বাংলাদেশি কর্মীদের। তাঁদের ৮৪ হাজার টাকার বদলে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করে আসতে হয়। এবারও একই সমস্যা হতে পারে। তবে কম খরচে সরকারিভাবে লোক আনা গেলে সেটি খুবই ভালো।’মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনশক্তি রপ্তানিকারক রেজাউল করিম বলেন, ‘সরকারিভাবে যদি কম খরচে লোক আনা যায়, আমরা তা স্বাগত জানাই। কিন্তু সরকার তো বোয়েসেলের মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে এত লোক আনতে পারবে না। কাজেই আমাদের প্রস্তাব বায়রার মাধ্যমে লোক আনা হোক। এ ক্ষেত্রে বায়রাকে নিয়ন্ত্রণের জন্য সরকার কঠিন শর্ত দিতে পারে। এতে সরকারও লাভবান হবে, বায়রার সদস্যরাও লাভবান হবেন। যদি বায়রাকে কাজ না দেওয়া হয়, তাহলে সরকার বায়রার সব সদস্যের লাইসেন্স বাতিল করে দিক। সরকারই যদি সব করে তাহলে এদের রাখার দরকার কী?’নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল বলেন, জনশক্তি রপ্তানিকারকদের বাদ দিয়ে সরকার কোনোভাবেই মালয়েশিয়ায় লোক পাঠাতে পারবে না। কারণ জনশক্তি রপ্তানিকারকেরা তাঁদের আয়ের একটি বড় অংশ মালয়েশিয়ার দালালদের দেন। এই দালালেরা সেই টাকা দেন মালয়েশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলকে।এসব বক্তব্যের বিষয়ে হাইকমিশনার বলেন, ‘সময় হলেই সব বোঝা যাবে। সরকারিভাবে ছাড়া মালয়েশিয়া অন্য কোনোভাবে লোক নেবে না। বাংলাদেশের বিদেশগামীদের প্রতি আমাদের অনুরোধ, কোনোভাবেই যেন তাঁরা দালাল বা মধ্যস্বত্বভোগীদের টাকা না দেন।’দূতাবাসের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস বলেন, ‘এবার কোনোভাবেই বাজার নষ্ট করতে দেওয়া যাবে না।’ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাসুদুল হাসান বলেন, ‘কত টাকায় যাচ্ছেন, কী চুক্তি, বেতন কত—এসব জেনে বিদেশে আসতে হবে।’