মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট ফেব্রুয়ারির পরই
সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের নাম নিবন্ধন ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। সব প্রক্রিয়া শেষ করে ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহে কর্মীদের নিয়ে প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় যাবে বলে আশা করছে সরকার।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঢাকা ও বরিশাল বিভাগের বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এই দুই বিভাগে নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন, তার লটারি হবে ১৬ জানুয়ারি। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের নাম নিবন্ধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ১৪ থেকে ১৬ জানুয়ারি নিবন্ধনের তারিখ থাকলেও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এখানে লটারি হবে ১৯ জানুয়ারি। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি নিবন্ধন করা হবে। লটারি হবে ২২ জানুয়ারি। মন্ত্রী জানান, নিবন্ধন শেষে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ কর্মী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত এই প্রার্থীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১১ হাজার ৫০০ কর্মীকে চূড়ান্তভাবে নির্বাচন করে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।তথ্যসেবা কেন্দ্রের বর্তমান অবস্থার ব্যাপারে আশ্বস্ত করে মন্ত্রী দাবি করলেন, সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মধ্যে চার হাজারই পুরোপুরি ব্যবহারের উপযোগী আছে। ৫০০ কেন্দ্রে কিছু দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলোও ঠিক করা হবে।মন্ত্রী জানান, তথ্যসেবা কেন্দ্রগুলোতে জেনারেটরের সুবিধা রাখা হবে। ইন্টারনেটের ব্যান্ডউইডথের সমস্যা এড়াতে বিভাগগুলোতে আলাদাভাবে নিবন্ধনের তারিখ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের অধীনে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলো করা হয়েছে। গণমাধ্যমে খবর বের হচ্ছে যে তথ্যসেবা কেন্দ্রগুলোর হালহকিকত ভালো নয়। এ প্রসঙ্গে ওই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি দৈনিক তথ্যসেবা কেন্দ্রগুলোর অবস্থা নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, সেটি সত্য নয়। অধিকাংশ তথ্যকেন্দ্রই ঠিক আছে। আমরা পুরোপুরি প্রস্তুত।’