মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের নিবন্ধনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় কর্মরত অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়ার সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। ১৪ আগস্ট নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও ২১ আগস্ট পর্যন্ত এই নিবন্ধন চলবে। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস আজ শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখনো অনেক শ্রমিক নাম নিবন্ধন করতে পারেননি। তাই নিবন্ধনের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। তাই ২১ আগস্ট পর্যন্ত শ্রমিকেরা নাম নিবন্ধন করতে পারবেন। ১ আগস্ট থেকে মালয়েশিয়ায় বহু প্রতীক্ষিত শ্রমিকদের বৈধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের ফলে দেশটিতে বসবাসরত অবৈধ প্রায় তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। মন্টু কুমার বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ শ্রমিকেরা বৈধ করার দাবি জানিয়ে আসছিলেন। এই কার্যক্রমের ফলে অবৈধ হয়ে পড়া সব বাংলাদেশি শ্রমিকেরা বৈধভাবে এখানে থাকতে পারবেন। এ ছাড়া এই সুযোগে কেউ যদি দেশে ফিরতে চান, তাহলে সেই সুযোগও পাবেন। প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় যাওয়া কয়েক লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন। এবার তাঁরা বৈধ হতে পারবেন বলে আশা করছে সরকার।