বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার কাছে সরকারের আর্থিক সহায়তা চাওয়ার সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার তহবিলের প্রকৃত উৎস সম্পর্কেও জানতে চেয়েছেন।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতা-কর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বলছে, দুবাই থেকে এ তহবিল আসবে। আমরা এই অর্থের প্রকৃত উৎস জানতে চাই।’বিএনপির ১২ মার্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে গণতন্ত্র ধ্বংস না করতে মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে হত্যা, গুপ্তহত্যা ও মিথ্যা মামলা দায়েরের পথ বেছে নিয়েছে।মির্জা ফখরুল বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে মেধাভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তাঁরা মেধাভিত্তিক রাজনীতির চর্চা করতে পারেন। ১২ মার্চের ‘ঢাকা চলো’ কর্মসূচিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার জন্য তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান জানান।এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। ২১ জেলার মোট ৬৩ জন নেতা-কর্মী এই কর্মশালায় অংশ নেন। ইউএনবি।