মালয়েশিয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ হাজার
সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সারা দেশে নিবন্ধন ও প্রাথমিক লটারি শেষ হয়েছে। নিবন্ধিত লোকদের মধ্য থেকে ৩৬ হাজার ৩৮ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। আগামীকাল বুধবার তাঁদের মধ্য থেকে প্রথম দফায় সাড়ে ১১ হাজার জনকে নির্বাচন করা হবে। ১৩ জানুয়ারি থেকে সারা দেশে এই নিবন্ধন শুরু হয়ে চলে ২১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই নিবন্ধন সম্পন্ন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে সারা দেশের ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোতে এই নিবন্ধন সম্পন্ন হয়। প্রত্যেক বিভাগে তিন দিনের নিবন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে কারা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেতে পারেন, সেটি নির্ধারিত হয়েছে।আইআইসিটির পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম আজ প্রথম আলো ডটকমকে বলেন, সারা দেশে সুষ্ঠুভাবে নিবন্ধন ও লটারি সম্পন্ন হয়েছে। মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জন নাম নিবন্ধন করেছিলেন। কাল বুধবার মন্ত্রণালয়ে প্রথম দফায় ১০ হাজার কর্মী নির্বাচনের জন্য লটারি হবে। এ জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩৬ হাজার ৩৮ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে সাড়ে ১১ হাজার জনকে নির্বাচিত করা হবে। আইসিটি সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগে তিন লাখ ২১ হাজার ৯৪৫, চট্টগ্রাম বিভাগে দুই লাখ ২৮ হাজার ১৪৬, খুলনা বিভাগে দুই লাখ ৩৭ হাজার ২০, রাজশাহী বিভাগে দুই লাখ আট হাজার ৬৪৩, বরিশাল বিভাগে ৭২ হাজার ২৯৮, সিলেট বিভাগে এক লাখ ৩৯ হাজার ৭৫৬ এবং রংপুর বিভাগে দুই লাখ ৩৪ হাজার ৯৬৮ জন নাম নিবন্ধন করেছেন। অর্থাত্ মোট নিবন্ধন করেছেন ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জন। নিবন্ধিত লোকজনের মধ্য থেকে ঢাকা বিভাগে ১১ হাজার ৫৫৬, চট্টগ্রাম বিভাগে ছয় হাজার ৬৮৯, খুলনা বিভাগে তিন হাজার ৮৪৯, রাজশাহী বিভাগে চার হাজার ৬৮২, বরিশাল বিভাগে দুই হাজার ৫৪৫, সিলেট বিভাগে দুই হাজার ৬১৬ এবং রংপুর বিভাগে চার হাজার ১০১ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।