মালয়েশিয়ার দুই জেলায় জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের দুটি জেলায় আজ রোববার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানল থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের ভেতর বেআইনিভাবে আগুন দেওয়ায় গত সোমবার দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলের ঘন ধোঁয়া ও কুয়াশা মিশে সৃষ্ট ধোঁয়াশা আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। আক্রান্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়াও রয়েছে। ধোঁয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার ও লেদাংয়ে জেলায় আজ জরুরি অবস্থা জারি করেছে সরকার। মালয়েশিয়ার পরিবেশমন্ত্রী জি পালানিভেল ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, ঘন ধোঁয়াশার কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই দুই জেলায় তাত্ক্ষণিকভাবে জরুরি অবস্থা কার্যকরের বিষয়ে সম্মত হয়েছেন।পালানিভেল জানান, ওই দুই জেলায় ধোঁয়াশা সহনশীলতার মাত্রা অতিক্রম করে গেছে। সেখানকার বাসিন্দাদের নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়াশা এরই মধ্যে সিঙ্গাপুরের বায়ুমণ্ডলে গুরুতর প্রভাব ফেলেছে। সেখানেও ধোঁয়াশা সহনশীলতার মাত্রা অতিক্রম করেছে। তবে এখন সেখানকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।