মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমিকদের এমআরপি দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের শ্রমিকদের এমআরপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। পাসপোর্ট জালিয়াতিরও কোনো সুযোগ থাকবে না। এ জন্য মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের যত ধরনের সহায়তা দেওয়া দরকার, সব ধরনের সহায়তা দেওয়া হবে।’প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এর ফলে দেশটিতে অবৈধ হয়ে থাকা তিন থেকে সাড়ে তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন।বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সব শ্রমিককে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় আসা চার লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন। কারণ তিন বছরের চুক্তিতে তাঁরা মালয়েশিয়ায় গিয়েছিলেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০০৭ সালে দুই লাখ ৭৩ হাজার ২০১ জন এবং ২০০৮ সালে এক লাখ ৩১ হাজার ৭৬২ জন বাংলাদেশি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তাঁদের দুরবস্থা নিয়ে গত বছরের ডিসেম্বরে প্রথম আলোয় সরেজমিন ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।