মালয়েশিয়ার বাজার খোলার আগেই বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার শ্রমবাজার না খুললেও লোক পাঠানোর পদ্ধতি নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারিভাবে মালয়েশিয়া লোক পাঠানো হবে। অন্যদিকে জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, লোক পাঠাতে হলে তাঁদের মাধ্যমেই পাঠানো হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে বায়রা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারও আলোচনায় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আলী হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘মন্ত্রীর সঙ্গে বৈঠকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সরকারের কাজ ব্যবসা করা নয়। মন্ত্রী আমাদের বলেছেন, বাংলাদেশ থেকে অভিবাসন খরচ অনেক বেশি। এই খরচ কমাতে হবে। মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তার আগেই আমরা যেন খরচ কমানোর একটি প্রস্তাব দেই।’বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, ‘মন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বায়রার পক্ষ থেকে আজই একটি কমিটি গঠন করা হবে। কমিটির প্রস্তাবের ভিত্তিতে আগামী সোমবারের মধ্যে তা মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেব আমরা।’বায়রার নেতারা দাবি করছেন, মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন, সরকার ব্যবসা করবে না। বেসরকারি খাতের লোকজনই ব্যবসা করবেন।এ সম্পর্কে জানতে চাইলে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘জনশক্তি রপ্তানি খাতের বিশৃঙ্খলা ঠেকাতে সরকারি পর্যায়েই মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে। এ বিষয়টি চূড়ান্ত করতে আগামী ৫ জুন মালয়েশিয়ার প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা-স্মারক স্বাক্ষরিত হবে।’বায়রার নেতাদের দাবি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, তাঁরা কী বলছেন সেটি তাঁরাই জানেন। মালয়েশিয়ায় অতীতে অনেক অনিয়ম হয়েছে। এ কারণে অভিবাসন-ব্যয় কমানোসহ অন্যান্য অনিয়ম রোধে সরকারি ব্যবস্থাপনাতেই মালয়েশিয়ায় লোক পাঠানো হবে। উভয় দেশের মধ্যে আস্থার সম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হলে পরে একটি গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করে বেসরকারি খাতে লোক পাঠানো হবে।গত তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। বাংলাদেশ ফের এই বাজার চালুর জন্য কূটনৈতিকভাবে নানা ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ১৩ থেকে ১৫ মে পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। ওই সফর শেষে মন্ত্রী বলেন, মালয়েশিয়া খুব শিগগিরই বাজার খুলবে বলে সরকার আশাবাদী।সরকারিভাবে লোক পাঠানোর যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া আমাদের অন্যতম আকর্ষণীয় শ্রমবাজার। আমরা এই বাজার নষ্ট হতে দিতে পারি না। আর সরকার কখনোই ব্যবসা করতে চায় না। তবে আমরা একটি মানদণ্ড ঠিক করে দিতে চাই।’