মালয়েশিয়ার সঙ্গে চুক্তির আগে দাতাদের সঙ্গে সমাধানে আসতে হবে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দাতা সংস্থাগুলোর (বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকা) সঙ্গে সমাধানের আগে পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। মালয়েশিয়ার সঙ্গে কোনো চুক্তি করার আগে দাতা সংস্থার সঙ্গে আমাদের সমাধানে পৌঁছাতে হবে। আজ রোববার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর ইউএনবি।পদ্মা সেতু নির্মাণে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করেছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। আজ বিকেলে ঢাকায় মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার জামালউদ্দিন বিন সাবাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এ তথ্য জানান।এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার মন্ত্রিসভায় গত শুক্রবার পদ্মা সেতুর প্রস্তাবটি পাস হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটা খুব ভালো সিদ্ধান্ত। মালয়েশিয়া যে প্রস্তাবটি অনুমোদন করেছে, তা দেখেছি। বিষয়টা আমাদের জন্য ভালো।’এতে কত সময় লাগতে পারে সাংবাদিকেরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তা বলতে পারব না। তবে এটুকু বলতে পারব, এই সরকারের আমলেই সেতুর কাজ শুরু হবে।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের কয়েক মাস পরই মালয়েশিয়া পদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। তখনই যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে জানান।৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের পাশাপাশি এডিবি, জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের ঋণ দেওয়ার কথা। বাকি অর্থ জোগান দেওয়ার কথা ছিল সরকারের।