মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা সই ১০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে ১০ এপ্রিল সমঝোতা স্মারক (এমওইউ) সই হচ্ছে। এমওইউ সই হবে মালয়েশিয়ায়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল শিগগিরই এমওইউ সই করতে মালয়েশিয়া যাচ্ছেন।প্রধানমন্ত্রীর দপ্তর ও সেতু বিভাগ সূত্রে জানা গেছে, এমওইউ সইয়ের পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকসহ দাতাদের কাছ থেকে অর্থ না নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে এমওইউ সইসহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে এমওইউ সইয়ের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বাংলাদেশের প্রতিনিধিদলের ভিসার ব্যাপারেও কার্যক্রম চলছে।জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে। আমি বলতে পারি শিগগিরই চাঁদ উঠবে।’ এর বাইরে বিস্তারিত কিছু বলতে চাননি মন্ত্রী।সেতু বিভাগ সূত্র জানায়, মালয়েশিয়ার সঙ্গে এমওইউ সই হবে মন্ত্রী পর্যায়ে। বাংলাদেশের পক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং মালয়েশিয়ার পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সামি ভেলু এমওইউতে সই করবেন। এর আগে এমওইউ বাংলাদেশেই সই করার কথা ছিল। কিন্তু সামি ভেলু পায়ে আঘাত পাওয়ায় মালয়েশিয়ায় এমওইউ সই করার সিদ্ধান্ত হয়। চূড়ান্ত চুক্তি বা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আমন্ত্রণ জানানো হবে।এর আগে মালয়েশিয়া গত ২১ ফেব্রুয়ারি এমওইউ সই করার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু দাতাদের সঙ্গে করা ঋণ চুক্তি বাতিল না করে এমওইউ বা মালয়েশিয়ার সঙ্গে চুক্তি আইনসংগত হবে কি না, এ নিয়ে জটিলতা তৈরি হলে সেবার সই হয়নি।গত সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভা খসড়া এমওইউ অনুমোদন করে। এর পরই বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদনের প্রশ্ন আসে। তবে সেতু বিভাগ সূত্র জানায়, এমওইউ বাংলাদেশের মন্ত্রিসভার অনুমোদন দরকার হবে না। মূল চুক্তির খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করতে হবে।সূত্র জানায়, খসড়া এমওইউতে বলা হয়েছে, নয় মাসের মধ্যে প্রয়োজনীয় দরকষাকষি শেষ করে চূড়ান্ত চুক্তি করা হবে। নয় মাসে না হলে পরবর্তী তিন মাস সময় স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। অর্থাৎ এক বছরের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে।সেতু বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি করার তাগিদ দিয়েছেন। তবে সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত চুক্তির আগে ঠিক করতে হবে মালয়েশিয়া কত বছর পর মালিকানা হস্তান্তর করবে, টোল কী পরিমাণ হবে, সরকার যে ইতিমধ্যে অর্থ ব্যয় করেছে, সেটা কোন হিসাবে আসবে। এসব বিষয়ের সঙ্গে কারিগরি বিষয়গুলো নিয়েও বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। এসব কাজ সম্পন্ন করতে অন্তত তিন মাস সময় লেগে যাবে।মালয়েশিয়া গত অক্টোবর মাসে পদ্মা সেতুতে অর্থায়ন করার আগ্রহ দেখিয়ে প্রস্তাব দেয়। ২৯০ কোটি মার্কিন ডলার অর্থায়ন এবং নির্মাণের বিনিময়ে ৫০ বছরের মালিকানা চেয়েছে তারা। মালয়েশিয়া তাদের প্রস্তাবে বলেছিল, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তারা সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান নির্বাচিত করবে। ওই প্রতিষ্ঠান সরকারের পক্ষে অর্থ সংগ্রহ করবে এবং ঠিকাদার নিয়োগ করে সেতু নির্মাণ করবে।