মালয়েশিয়ার ১৪ সদস্যের প্রতিনিধিদল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে যৌথ বৈঠক করতে মালয়েশিয়ার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছেছে। আজ বুধবার রাত আটটার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে তাঁরা ঢাকায় আসেন। আগামীকাল বৃহস্পতিবার প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে। মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল (পলিসি ও ইন্টারন্যাশনাল) মোহাম্মদ সাহার বিন দারুসমান। দেশটির শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. জেফরি জোয়াকিন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি ইসহাক লেবেই, ব্যবস্থাপনা বিভাগের মুখ্য সচিব আতিয়া আজরিনা আমিরুলদিন, প্লান্টনেশন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি রাজালি আব মালিকসহ দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই দলে আছেন। বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম কাউন্সিলর মন্টু কুমার ঘোষ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক জাহিদ উপস্থিত ছিলেন। হজরত আলী প্রথম আলো ডটকমকে জানান, রাতে মালয়েশিয়ার প্রতিনিধিদল ঢাকায় এসেছে। তাঁরা বৃহস্পতিবার বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে সরকারিভাবে জনশক্তি রপ্তানিসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়ায় দীর্ঘ চার বছর জনশক্তি রপ্তানি বন্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গত বছরের ২৬ নভেম্বর দুই দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ সময় সিদ্ধান্ত হয়, জনশক্তি রপ্তানিসংক্রান্ত যেকোনো বিষয়ে দুই দেশ যৌথ কমিটি করে আলোচনা করবে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও মালয়েশিয়া পৃথকভাবে ১৪ সদস্যের প্রতিনিধি নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজে) গঠন করে। ওই যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।