মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের ১২ জানুয়ারির মধ্যে পাসপোর্ট নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় অবৈধ যেসব বাংলাদেশি বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন, তাঁদের সবাইকে আগামী দুই মাসের মধ্যে পাসপোর্ট নিতে হবে। পাসপোর্ট নেওয়ার সর্বশেষ তারিখ ২০১২ সালের ১০ জানুয়ারি। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মন্টু কুমার বিশ্বাস শুক্রবার ঢাকায় পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। এতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত যেসব বাংলাদেশি বৈধতার জন্য নাম নিবন্ধন করেছেন, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যক্তিগতভাবে হাজির হয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। যাঁরা এখনো পাসপোর্টের জন্য আবেদন করেননি, তাঁদের সবার উচিত নির্ধারিত সময়ের আগেই আবেদন করা। মন্টু কুমার বিশ্বাস প্রথম আলোকে জানিয়েছেন, ‘মোট ছয়টি পর্যায়ে নিবন্ধন কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম ধাপ নাম নিবন্ধন। ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত শ্রমিকদের নাম নিবন্ধন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। ১২ জানুয়ারি এই ধাপ শেষ হয়ে যাবে। এর আগেই কর্মীদের পাসপোর্ট নিতে হবে। ২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র দেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। ফলে ২০০৭ ও ২০০৮ সালে কলিং ভিসায় যাওয়া বাংলাদেশিরা অবৈধ হয়ে পড়েন। দীর্ঘদিন পর চলতি বছর এই শ্রমিকদের বৈধ করার সুযোগ দেয় মালয়েশিয়া। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, বৈধকরণ কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশি শ্রমিক নাম নিবন্ধন করেছেন। এঁরা সবাই শেষ পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন।