মালয়েশিয়ায় আগুনে দম বন্ধ হয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় আগুনে দম বন্ধ হয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে মালয়েশিয়ার সেলানগর রাজ্যের তামান পুচং পারদানা এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।নিহত ব্যক্তিরা হলেন: গোলাম সারোয়ার ওরফে বাবু, এম রোমান, আবদুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশীর ও তাঁর ভাই মোহাম্মদ ফারুক। তাঁদের সবার বয়স ২৪ থেকে ৪০ বছর। দুর্ঘটনায় বিল্লাল হোসেন ও মোহাম্মদ রুবেল নামের আরও দুই বাংলাদেশি আহত হন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।মালয়েশিয়ায় বাংলাদেশি সাপ্তাহিক প্রবাসী কণ্ঠ পত্রিকার সম্পাদক গৌতম রায় গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনার খবর দেন। এ ঘটনায় আহত মোহাম্মদ রুবেল প্রথম আলোকে জানান, দোতলা একটি বাড়িতে তাঁরা সাতজন থাকেন। বাড়ির দোতলায় দুটি কক্ষে পাঁচজন এবং নিচতলায় তিনি ও বিল্লাল বাস করেন। অন্য দিনের মতোই কাজ শেষ করে গতকাল রাতে তাঁরা ঘুমাতে যান। রাত তিনটার দিকে চিৎকার শুনে তাঁর ঘুম ভেঙে যায়। দেখেন, চারপাশে শুধু আগুন আর ধোঁয়া। আশপাশের লোকজন দরজা ভেঙে তাঁকে ও বিল্লালকে বের করেন।কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে রুবেল জানান, ফায়ার সার্ভিসের লোকজন বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। বাড়িটি ছিল কাঠের তৈরি। আগুনে কাঠ ভেঙে ভেঙে পড়ে। সবাই মারা যান দম বন্ধ হয়ে।রুবেল জানান, তাঁদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ২০০৭ সালে তাঁরা কলিং ভিসায় মালয়েশিয়ায় আসেন। এরপর তাঁরা অবৈধ হয়ে পড়েন। এরপর বৈধ হওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনে গতকাল প্রকাশিত খবরে বলা হয়, তামান পুচং পারদানা এলাকার দোতলা একটি ভবনে রাত তিনটার দিকে ওই আগুন লাগে। প্রকাশিত সংবাদে সেলানগর ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ সানি হারউলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস আগুনে পাঁচ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের একটি প্রতিনিধিদল সেখানে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের লাশ বর্তমানে হাসপাতালে রাখা আছে।প্রসঙ্গত, গত ২৭ মে বাহরাইনে একইভাবে আগুনে পুড়ে ১০ বাংলাদেশি মারা গেছেন।