মালয়েশিয়ায় আগুনে পাঁচ বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় গতকাল সোমবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে পাঁচজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন—সৌরভ বাবু, রুমন, আবদুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশীর ও তাঁর ভাই মোহাম্মদ ফারুক। তাঁদের বয়স থেকে ২৪ থেকে ৪০ বছর।মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার সেলানগর রাজ্যের তামান পুচং পারদানা এলাকার দোতলা একটি ভবনে গতকাল রাত তিনটার দিকে আগুন লাগে।সেলানগর ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ সানি হারউল বলেছেন, দোতলা ওই বাড়িতে সাত বাংলাদেশি থাকতেন। আগুন লাগলে দুজন বের হতে পারলেও অন্যরা পারেননি।মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস আগুনে পাঁচ বাংরাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মালয়েশিয়ায় বাংলাদেশি সাপ্তাহিক প্রবাসী কণ্ঠের সম্পাদক গৌতম রায় প্রাথমিকভাবে প্রথম আলো ডটকমকে বলেছিলেন, তিনি প্রবাসীদের মাধ্যমে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।আমাদের নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, নিহতদের বাড়ি জেলার নবীনগর উপজেলায়। একজনের বাড়ি উপজেলার ধরাভাঙা গ্রামে, একজনের বাড়ি নূরজাহানপুর গ্রামে এবং বাকি তিনজনের বাড়ি বড়িকান্দি গ্রামে। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।