মালয়েশিয়ায় নিহতদের লাশ আসছে কাল
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃতদেহ কাল শুক্রবার ভোরে ঢাকায় আসবে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সাংসদ শাহ জিকরুল আহমেদ ও অন্যেরা লাশ নেবেন বলে জানা গেছে। পরে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে লাশগুলো সরাসরি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নে অবস্থিত নিহতদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।সাংসদ শাহ জিকরুল আহমেদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে মুঠোফোনে জানান, বিমানবন্দরেই লাশ দাফনের জন্য নিহতদের প্রত্যেক স্বজনের কাছে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর প্রত্যেক পরিবারকে পরে দুই লাখ টাকা করে দেওয়া হবে।সাংসদ শাহ জিকরুল আহমেদ প্রথম আলো ডটকমকে মুঠোফোনে আরও জানান, নিহতদের মধ্যে একজনের বাড়ি সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা এবং আরেকজনের বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামে। অপর তিনজনের বাড়ি বড়িকান্দি গ্রামে। তিনি আরও জানান, ‘কাল (শুক্রবার) ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়া থেকে নিহতদের লাশ আসার কথা রয়েছে। তাঁদের গ্রামের বাড়িতে বাদ জুমা জানাজা শেষে নিহতদের দাফন করা হবে।’ গত সোমবার রাতে মালয়েশিয়ায় অগ্নিদগ্ধ হয়ে গোলাম সারোয়ার ওরফে বাবু (২৭), আবদুল্লাহ আল ফরহাদ ওরফে সজীব (২৮), হাফেজ মিয়া ওরফে রুমান এবং দুই সহোদর বশির মিয়া (৩২) ও ফারুক মিয়া (২৮) নিহত হন।