মালয়েশিয়ায় যাওয়ার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি
বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে ১৩০ জন যাত্রী নিয়ে আজ বুধবার ভোরে একটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ওই সব যাত্রী অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আজ ভোরে স্থানীয় জেলেরা কয়েকজনের মৃতদেহ ভেসে উঠতে দেখেন। অনেকে সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও আরও ২০-২৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন বেঁচে যাওয়া যাত্রীরা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জেলে জানান, সেন্ট মার্টিনের অদূরে মাছ শিকার শেষে ফেরার পথে কয়েকটি স্থানে তাঁরা পাঁচ-ছয়জনের লাশ ভাসতে দেখেছেন।সাঁতরে কূলে ফেরত আসা মো ইব্রাহিম, ইসমাইল, নুর হোসেনসহ আরও কয়েকজন যাত্রী প্রথম আলো অনলাইনকে জানান, তাঁরা দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। তাঁরা আরও জানান, শাহপরীর দ্বীপের দালাল চক্রের সদস্য ফিরোজ, ইসমাঈল, মাইক ইউনুস, শরীফ হোসেন, গোলাম হোসেন, ইউনুস, ধলু হোসেন গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে প্রায় ৮৫ জন যাত্রীকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা থেকে ট্রলারে তুলে দেন। ট্রলারটি কক্সবাজার থেকে ৪৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। শাহপরীর দ্বীপ থেকে আধা ঘণ্টার পথ যাওয়ার পর ট্রলারের লোকজন এদিক-সেদিক নড়াচড়া করলে ট্রলারটি বারবাইন নামক এলাকায় উল্টে যায়। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে আর কয়েকজন মাছ ধরার একটি নৌকার সহযোগিতায় কূলে ফেরত আসেন।বেঁচে যওয়া যাত্রীরা বলেন, ‘ট্রলারটিতে মিয়ানমারসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার লোকজন থাকায় অনেকের নাম জানা যায়নি। কিন্তু আমাদের সঙ্গে ট্রলারে উঠা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বদিউর রহমান, আমির হোসেন, কবির আহমদ, কালা মিয়া, ইদ্রিস মিয়া, সিরাজুল ইসলাম, আহমদ হোসেন, কামাল হোসেন, কাদির হোসেন নিখোঁজ রয়েছেন।’সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘সেন্ট মার্টিনে ছেঁড়াদিয়া দ্বীপের দক্ষিণে গভীর সাগরে ভাসমান অবস্থায় কয়েকজনের লাশ দেখা গেছে বলে স্থানীয় জেলেদের মাধ্যমে শুনেছি।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির খবর স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে শুনেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ থানায় দেয়নি কিন্তু এর সঠিক খবর না পাওয়া পর্যন্ত নিখোঁজদের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’এ ব্যাপারে সেন্ট মার্টিনে দায়িত্বরত নৌবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম না প্রকাশ করার শর্তে তিনি বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোনো লাশ উদ্ধার করা হয়নি।’