মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হলো আরও ৯০ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় আরও ৯০ জন কর্মী গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় গেছেন। আরও ৮৩ জন যাবেন আজ বুধবার।মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হওয়া ওই ৯০ জন শ্রমিককে বিদায় দেওয়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, এখন থেকে নিয়মিতভাবেই মালয়েশিয়ায় শ্রমিক যাবেন। মালয়েশিয়ার মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়া চলছে।গত ২৫ এপ্রিল ৭০ জন কর্মী পাঠানোর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়। এরপর ১৯৮ জন কর্মী যাওয়ার পর চার মাস শ্রমিক পাঠানো বন্ধ ছিল। গতকাল আবারও কর্মী যাওয়া শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী কল্যাণসচিব জাফর আহমেদ খান ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার জাতীয় নির্বাচন ও সরকার গঠনের কারণে কর্মী যেতে চার মাস দেরি হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার একটি প্রদেশ বাংলাদেশ থেকে আরও ৫০ হাজার শ্রমিকের চাহিদা দিয়েছে। দু-এক মাসের মধ্যেই এই ৫০ হাজার শ্রমিক পাঠানো শুরু হবে।মন্ত্রী বলেন, অতিরিক্ত অভিবাসন খরচের কারণেই শ্রমিকেরা অবৈধ হন। কাজেই কোনোভাবেই অভিবাসন খরচ দুই মাসের বেতনের বেশি হতে পারবে না। জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিদেশ থেকে চাহিদা আনুন। তবে অভিবাসন ব্যয় যেন চার-পাঁচ লাখ টাকা না হয়। শ্রমিকের দুই মাসের বেতনের পরিমাণ খরচে যদি বিদেশ থেকে চাহিদা আনতে পারেন, তাহলে আমি জনশক্তি রপ্তানি রিক্রুটিং এজেন্সির হাতে তুলে দেব।’মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে খোন্দকার মোশাররফ বলেন, ‘আপনারাই হলেন এখন দেশের রাষ্ট্রদূত। সেখানে যদি আপনারা কোনো অন্যায় কাজ না করেন, সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী হবে। আপনাদের ওপর পুরো দেশের দায়িত্ব রইল।’ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অভিবাসন ব্যয় কমতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসন ব্যয় কমাতে প্রধানমন্ত্রী নিজে আলোচনা করছেন। আশা করি, এসব দেশেও শিগগিরই ২০-৩০ হাজার টাকায় শ্রমিক পাঠানো যাবে।’সরকারের তৈরি ডেটাবেইস থেকেই শ্রমিক পাঠাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু মালয়েশিয়ায় নয়, সারা বিশ্বেই এই ডেটাবেইস থেকে লোক পাঠাতে হবে। এতে করে দেশের সব প্রান্তের মানুষ বিদেশ যাওয়ার সুযোগ পাবেন।