মালয়েশিয়ায় যেতে খরচ হবে সর্বোচ্চ ৪০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে জনপ্রতি সর্বোচ্চ ৪০ হাজার টাকা খরচ হতে পারে। খরচ এর চেয়ে কমও হতে পারে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মালয়েশিয়ায় সরকারিভাবে জনশক্তি রপ্তানির বিষয়ে আগামী ৮ নভেম্বর দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়ায় যাবেন বলে জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ায় লোক পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে অনেক কাজ এগিয়ে রাখা হচ্ছে। এই শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা কী হবে, তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সরকার মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু করবে। কর্মীর যাওয়ার উড়োজাহাজ ভাড়া মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর খরচও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। ভিসা, ট্যাক্স, প্রশিক্ষণ, কাজে যোগদান পর্যন্ত সময়ের খরচসহ আনুষঙ্গিক খরচ কর্মীকে বহন করতে হবে। এসব খরচ বাবদ টাকা কর্মীর কাছ থেকে নেবে মন্ত্রণালয়, যা সর্বোচ্চ ৪০ হাজার টাকা হতে পারে।সূত্র আরও জানায়, মন্ত্রণালয় থেকে মালয়েশিয়াগামী ব্যক্তিদের ১০ দিনের একটি প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যক্তিকে কাজের ধরন ও ভাষা শিক্ষা দেওয়া হবে। ওই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিও প্রশিক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।মন্ত্রণালয় বলছে, এত দিন অতিরিক্ত খরচ করে মালয়েশিয়ায় যাওয়া শ্রমিক ওই টাকা ওঠাতে না পারায় চুক্তির চেয়ে বেশি দিন অবস্থান করে অবৈধ বনে গেছেন। এটি কেবল বাংলাদেশ নয়, মালয়েশিয়া সরকারও জেনেছে। এ জন্য দেশটি প্রায় সাড়ে চার বছর বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ রেখেছে।৮ নভেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, শিগগিরই মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু করা যাবে। সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’ জনপ্রতি কত খরচ হবে, জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ ৪০ হাজার টাকার মতো লাগতে পারে। তবে চুক্তি হলে মনে হচ্ছে খরচ আরও কমবে। মালয়েশিয়া প্রতি ছয় মাসের জন্য তাদের চাহিদা অনুযায়ী লোকের সংখ্যা, যোগ্যতা সরকারকে জানাবে। নিবন্ধিত ব্যক্তিদের মধ্য থেকে পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।মন্ত্রী বলেন, লোক পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি হবে না, অতিরিক্ত অর্থ আদায় হবে না—এমন নিশ্চয়তা পাওয়ার পরই মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত করেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর ক্ষেত্রে জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা অনুসরণ করা হবে। আগ্রহী ব্যক্তিরা নিজ নিজ জেলায় নাম নিবন্ধন করবেন। সেখান থেকে পর্যায়ক্রমে লোক পাঠানো হবে। দালাল, তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে ব্যক্তিকে সরাসরি এসে নাম নিবন্ধনের জন্য নির্দেশনা দেওয়া হবে।সূত্র আরও জানায়, মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা প্রায় দুই লাখ ৬৭ হাজার শ্রমিককে বৈধ করার ব্যাপারে দেশটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। মালয়েশিয়া এসব শ্রমিককে ফেরত না পাঠিয়ে সে দেশে বৈধ শ্রমিক হিসেবে রাখার ব্যাপারে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেশটি প্রক্রিয়াও শুরু করেছে।১৫৫ দেশে লোক পাঠাচ্ছে বাংলাদেশ: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ থেকে ৭৫টি দেশে শ্রমিক যেতেন। এখন যাচ্ছেন ১৫৫টি দেশে। কোনো কোনো দেশে খুব কমসংখ্যক কর্মী গেছেন। কিন্তু একবার গিয়ে দক্ষতা দেখাতে পারলে ওই দেশ আরও লোক নেবে।মন্ত্রী জানান, জাপানে সম্প্রতি মাত্র ২৫ জন পোশাককর্মী পাঠানো হয়। তাঁদের কর্মদক্ষতা দেখে জাপান প্রথমে এক হাজার এবং এখন পর্যন্ত মোট তিন হাজার কর্মী চেয়েছে। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে। দেশটির কূটনীতিকেরা এ কথা সরকারকে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বাজার অনেক বড়। আশা করছি, সেখানে অনেক বাংলাদেশির কর্মসংস্থান হবে।’খন্দকার মোশাররফ বলেন, কোনো দেশে প্রচুর বাংলাদেশি কাজ করছেন। এই দেশগুলো হয়তো কর্মী নেওয়া বন্ধ করতে পারে। তাই নতুন শ্রমবাজার খোঁজা হচ্ছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি আছেন। তাদের হয়তো নতুন লোক নেওয়ার প্রয়োজন নেই। তবে তারা গৃহকর্মী নিচ্ছে। প্রতিদিনই ২৫ থেকে ৫০ জন গৃহকর্মী দেশটিতে যাচ্ছেন।