মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে প্রধানমন্ত্রী আশাবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়োগ-প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।আজ বুধবার গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী দাতুক সেরি এস সুব্রামনিয়ামকে এ ধন্যবাদ জানান। খবর বাসসের।মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় দুই লাখ ৬৮ হাজার বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় বহুসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর অধ্যয়নের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁদের পড়ালেখা শেষে ওই দেশেই কাজের সুযোগ দিতে মালয়েশিয়ার মন্ত্রীকে অনুরোধ জানান।বৈঠকে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নর্লিন বিন্তি ওসমান এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে এই দুই দেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ মালয়েশিয়ায় মানসম্পন্ন আরএমজি, ফার্মাসিউটিক্যাল, সিরামিক, জুতা, পাট ও চামড়াজাত পণ্য, সামুদ্রিক খাদ্য ও কৃষিভিত্তিক পণ্যের রপ্তানি বাড়াতে সমর্থ হবে।