মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণের সময় ১০ দিন বাড়ল
মালয়েশিয়ায় অবৈধভাবে কর্মরত শ্রমিকদের বৈধকরণের সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আজ রোববার এই নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও এখন ৩১ আগস্ট পর্যন্ত এই নিবন্ধন করা যাবে। তবে ৩১ আগস্টের পর আর নিবন্ধন করা যাবে না।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস আজ রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এখনো অনেক শ্রমিক নাম নিবন্ধন করতে পারেননি। তাই এ সময় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। অবৈধ যাঁরা আছেন, তাঁদের ৩১ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে।মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহমুদ আদম বলেছেন, সময় বাড়ানো না হলে অনেক শ্রমিক নিবন্ধন করতে পারবেন না। মূলত এ কারণেই সময় বাড়ানো হয়েছে। তবে ৩১ আগস্টের পর আর সময় বাড়ানো হবে না। স্টার অনলাইনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান।১ আগস্ট থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধ করার কাজ শুরু হয়। এর ফলে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন।মন্টু কুমার বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরেই শ্রমিকেরা নিজেদের বৈধ করার দাবি জানিয়ে আসছিলেন। এ ছাড়া এই সুযোগে কেউ যদি দেশে ফিরতে চান, তাহলে তিনি সে সুযোগও পাবেন।২০১০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ দেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। এর ফলে ২০০৭ ও ২০০৮ সালে ‘কলিং ভিসা’য় যাওয়া কয়েক লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েন।