মাশরাফির হাতে ধবলধোলাই আয়ারল্যান্ড
একতরফা প্রথম ম্যাচের পর সিরিজের শেষ দুটি ম্যাচ হয়ে থাকল টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন। গত পরশু দ্বিতীয় ম্যাচে ১ রান আলাদা করেছিল দুই দলকে। কাল তৃতীয় ও শেষ ম্যাচটা আরও বেশি অনিশ্চয়তার দোলায় দুলে শেষ পর্যন্ত বরমাল্য পরাল বাংলাদেশকেই। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে ২ উইকেটে জয়। যতই অবিশ্বাস্য শোনাক, আয়ারল্যান্ডকে ধবলধোলাই করে বাংলাদেশ এখন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের চার নম্বরে! অস্ট্রেলিয়া-পাকিস্তান-ভারত-নিউজিল্যান্ড সবাই বাংলাদেশের নিচে!র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে তর্ক থাকতে পারে, তবে কালকের ম্যাচের নায়ক নিয়ে একেবারেই নেই। সন্দেহাতীতভাবে তা মাশরাফি বিন মুর্তজা। ব্যাটে-বলে অসাধারণ এক অলরাউন্ড পারফরম্যান্সে বলতে গেলে একাই বাংলাদেশকে জিতিয়ে দিলেন এই সিংহহূদয় ক্রিকেটার। ক্যারিয়ারের প্রায় পুরোটাই নতুন বল তাঁর সঙ্গী। কাল বোলিং করতে এলেন ছয় নম্বরে! ৮ ওভারে ৬৭—স্কোরবোর্ড তখন চোখ রাঙাচ্ছে। চতুর্থ বলেই উইকেট, পরের ১০ বলে আরও ৩টি। ১১ বলের স্পেলে মাত্র ৪ রানে ৪ উইকেট! ৩ ওভারে ৯, শেষ ওভারে ১০ রান দেওয়ার পরও ১৯ রানে ৪ উইকেট তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং।আয়ারল্যান্ডকে ৮ উইকেটে ১৪০ রানে আটকে রাখার মূলে মাশরাফির ওই বোলিং। সেই ১৪০-ও একসময় পাহাড়সম মনে হচ্ছিল! তামিম (৩৭ বলে ৩৯) ও আশরাফুলের (২৫ বলে ২৪) ৬২ রানের উদ্বোধনী জুটির পর ১২ বলের মধ্যে ৭ রানে ৩ উইকেট। ৮৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মাশরাফি যখন নামলেন, ২৯ বলে লাগে ৫৪। সেটিও সম্ভব হলো তাঁর ১৩ বলে ৩০ রানের ইনিংসের কল্যাণে। যাতে ৪টি ছয়, যার ৩টিই বাঁহাতি স্পিনার ডকরেলের চার বলের মধ্যে। ওই ১৮তম ওভারে এল ২১ রান। মাশরাফি যখন আউট হলেন, জয় তখন প্রায় নিশ্চিত। ৭ বলে চাই ৬ রান। শেষ ওভারে মুশফিকের বিদায়ে তার পরও অনিশ্চয়তা। পঞ্চম বলে স্কোর সমান, শেষ বলে ১ রান লাগে। উত্তেজনায় তা ভুলে সানি ও রাজ্জাক নিয়ে ফেললেন ২ রান!